রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সবশেষ

কুয়ালালামপুরে বড় অভিযান, আটক ৪৭২ বিদেশি; ৩৬৪ জনই বাংলাদেশি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রবাসী অধ্যুষিত বাণিজ্যিক এলাকা কোতারায়ায় বড় ধরনের যৌথ অভিযান চালিয়েছে দেশটির আইনশৃঙ্খলা ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো। অভিযানে আটক ৪৭২ বিদেশির মধ্যে ৩৬৪ জনই বাংলাদেশি।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে শুরু হওয়া অভিযানে প্রায় ২ হাজার ৫০০ বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই করা হয়। অভিবাসন আইন লঙ্ঘন, অনুমোদন ছাড়া ব্যবসা পরিচালনা, অনাকাঙ্ক্ষিত জনসমাগমসহ বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে এ অভিযান পরিচালনা করা হয়।

কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক হামশাহ ইনজাউ জানান, অভিযানটি পরিচালনায় বিভিন্ন সরকারি সংস্থার ৩৩৭ সদস্যের একটি সমন্বিত দল অংশ নেয়। এতে অভিবাসন বিভাগ ছাড়াও কুয়ালালামপুর সিটি করপোরেশন (ডিবিকেএল), ফায়ার সার্ভিস, জাতীয় নিবন্ধন বিভাগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সদস্যরা ছিলেন।

বাংলাদেশিদের সংখ্যাই সবচেয়ে বেশি
অভিবাসন বিভাগের যাচাই শেষে আটক ৪৭২ জনের বয়স ১৮ থেকে ৬২ বছরের মধ্যে। তাদের মধ্যে ৪৩৯ জন পুরুষ এবং ৩৩ জন নারী।

আটকদের জাতীয়তা বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশিদের সংখ্যাই সবচেয়ে বেশি। আটক বিদেশিদের মধ্যে রয়েছেন, বাংলাদেশি ৩৬৪ জন, মিয়ানমারের ৫৭ জন, ফিলিপাইনের ৯ জন, নেপালের ৭ জন, ইন্দোনেশিয়ার ৭ জন, পাকিস্তানের ৭ জন, ভারতের ৬ জন, চীনের ৩ জন, জিম্বাবুয়ের ১ জন এবং সৌদি আরবের ১ জন।

কাগজপত্র থাকলেও ছাড় পাচ্ছেন না আইন লঙ্ঘনকারীরা
অভিযানের মাঠপর্যায়ের যাচাইয়ে দেখা গেছে, পরীক্ষিত বিদেশি নাগরিকদের বড় অংশের বৈধ নথিপত্র ছিল। তবে নির্দিষ্ট আইন ও শর্ত ভঙ্গের অভিযোগে তাদের মধ্য থেকে কয়েকজনকে আটক করা হয়।

বিশেষ করে বৈধ অনুমতি ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আলাদা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কুয়ালালামপুর সিটি করপোরেশন (ডিবিকেএল)।

আটক ব্যক্তিদের প্রাথমিক প্রক্রিয়া শেষে পরবর্তী আইনি ব্যবস্থা ও বিস্তারিত তদন্তের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

অনিয়মিত প্রবাসীদের জন্য আবারও সতর্কবার্তা
অভিযানের পর মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের পাশাপাশি তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা অব্যাহত রাখার কথা জানিয়েছেন অভিবাসন বিভাগের পরিচালক হামশাহ ইনজাউ।

তিনি অনিয়মিত প্রবাসীদের দ্রুত মালয়েশিয়া সরকারের মাইগ্র্যান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রামের (পিআরএম) সুবিধা নিয়ে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষের এই অভিযান দেশটিতে বিদেশি নাগরিকদের বৈধ কাগজপত্র ও ব্যবসায়িক অনুমতির বিষয়ে চলমান কঠোর নজরদারিরই ইঙ্গিত দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *