বাহরাইনে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য, ছবি বা ভিডিও প্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকার জন্য বাংলাদেশি প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে মানামার বাংলাদেশ দূতাবাস। স্থানীয় আইন ও সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধের পাশাপাশি কর্মস্থল ও সাইবার আইন মেনে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক নির্দেশনায় দূতাবাস প্রবাসীদের বিভিন্ন বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেয়।
দূতাবাসের নির্দেশনায় বলা হয়েছে, বাহরাইনের আইন, বিধি-বিধান, কর্মস্থলের নীতিমালা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও সাইবার-সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। একই সঙ্গে দেশটির ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি সম্মান দেখাতে হবে।
কর্মস্থলের তথ্য প্রকাশেও সতর্কতা
পরিবার, বন্ধু ও ইতিবাচক যোগাযোগের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা গেলেও চাকরি, নিয়োগকর্তা কিংবা কর্মস্থল-সংক্রান্ত কোনো তথ্য, ছবি বা ভিডিও প্রকাশের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা যাচাই করার পরামর্শ দিয়েছে দূতাবাস।
একই সঙ্গে অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল বা বার্তা গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। অনলাইনে প্রতারণা ও ফিশিংয়ের ঝুঁকি সম্পর্কে সচেতন থাকার কথাও উল্লেখ করা হয়েছে।
কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করার আগে তার সত্যতা যাচাই এবং সন্দেহজনক বা উসকানিমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক সংঘাতের পোস্টেও সতর্কতা
দূতাবাসের নির্দেশনায় সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো পোস্ট, ছবি, ভিডিও কিংবা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য বা প্রচার না করার কথা বলা হয়েছে।
এ ছাড়া গুজব, ভুয়া তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
ইসরায়েল-ফিলিস্তিন, ইরান-ইসরায়েলসহ বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত নিয়ে এমন কোনো উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট শেয়ার কিংবা প্রচার না করার পরামর্শ দেওয়া হয়েছে, যা বাহরাইনের স্থানীয় আইন লঙ্ঘনের কারণ হতে পারে।
নিষিদ্ধ প্রচারণা ও সন্দেহজনক অনুদান থেকে দূরে থাকার পরামর্শ
বাহরাইনে নিষিদ্ধ কোনো রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশ না নেওয়ার জন্যও প্রবাসীদের সতর্ক করেছে দূতাবাস। যাচাই না করে কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অর্থ অনুদান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন, সন্দেহজনক বিনিয়োগ এবং ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণা থেকেও সতর্ক থাকতে বলা হয়েছে।
সরকারি ও নিরাপত্তা-সংক্রান্ত স্থাপনার ছবি নয়
কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা এবং নিরাপত্তা-সংশ্লিষ্ট কোনো স্থানের ছবি বা ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
পাশাপাশি নিজের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাব-সংক্রান্ত তথ্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করতে বলা হয়েছে।
বিদ্বেষমূলক বক্তব্য থেকেও বিরত থাকার আহ্বান
ধর্মীয়, জাতিগত কিংবা বর্ণগত বিদ্বেষ সৃষ্টি করতে পারে, এমন কোনো পোস্ট, মন্তব্য বা অনলাইন বিতর্কে অংশ না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া অপরাধ, সহিংসতা বা অবৈধ কর্মকাণ্ডকে সমর্থন কিংবা প্রশংসা করে অনলাইনে কোনো পোস্ট, মন্তব্য বা প্রতিক্রিয়া না দেওয়ার বিষয়েও প্রবাসীদের সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের এই নির্দেশনার মূল লক্ষ্য হলো বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের স্থানীয় আইন ও বিধিবিধান সম্পর্কে সচেতন করা এবং অনলাইনে এমন কোনো কর্মকাণ্ড থেকে দূরে রাখা, যা তাদের ব্যক্তিগত নিরাপত্তা, কর্মসংস্থান বা আইনগত অবস্থার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।








