রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সবশেষ

প্রবাসীদের বিনিয়োগ-সম্পত্তির সুরক্ষায় বিশেষ ট্রাইব্যুনাল চান কানাডাপ্রবাসীরা

বাংলাদেশে সম্পত্তি কেনাবেচা, বিনিয়োগ ও অন্যান্য আইনি বিষয়ে হয়রানি কিংবা অধিকার লঙ্ঘনের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে প্রবাসীদের জন্য আলাদা একটি ট্রাইব্যুনাল গঠনের দাবি উঠেছে কানাডায়। দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা বলছেন, বিদ্যমান আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে অনেক সময় দেশে থাকা তাদের সম্পদ ও বিনিয়োগ নিয়ে তৈরি জটিলতার কার্যকর সমাধান পাওয়া কঠিন হয়ে পড়ে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কানাডার টরন্টোর ডানফোর্থ এলাকার ‘বিডি ফিউশন’-এ আয়োজিত এক সেমিনারে বক্তারা এ দাবি জানান। ‘বাংলাদেশে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজনীয়তা’ শীর্ষক এ আয়োজন করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি), কানাডা শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এইচআরপিবির কেন্দ্রীয় সভাপতি ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। সভাপতিত্ব করেন সংগঠনটির কানাডা শাখার সভাপতি আফিয়া বেগম।

সেমিনারে মনজিল মোরসেদ বলেন, দেশে সম্পত্তি ক্রয়, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে প্রবাসীরা নানা ধরনের অনিয়ম ও অধিকার লঙ্ঘনের মুখোমুখি হচ্ছেন। এসব ঘটনায় এইচআরপিবির পক্ষ থেকে আইনি সহায়তা দেওয়া হলেও প্রচলিত বিচারিক ব্যবস্থার দীর্ঘসূত্রিতার কারণে অনেক প্রবাসী সময়মতো প্রতিকার পাচ্ছেন না।

তার ভাষ্য, প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা প্রয়োজন। এতে দেশে থাকা প্রবাসীদের সম্পদ ও বিনিয়োগের নিরাপত্তা নিয়ে তাদের আস্থা বাড়বে। পাশাপাশি এই উদ্যোগ না নেওয়া হলে ভবিষ্যতে প্রবাসীদের বিনিয়োগ ও রেমিট্যান্স প্রবাহেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশ সরকারের প্রতি দ্রুত প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মনজিল মোরসেদ।

সেমিনারে আফিয়া বেগম বলেন, কানাডায় বসবাসরত বাংলাদেশিরা দেশে থাকা সহায়-সম্পত্তি ও বিনিয়োগ নিয়ে প্রায়ই নানা ধরনের জটিলতার মুখোমুখি হন। এসব সমস্যা নিষ্পত্তিতে দীর্ঘ সময় লাগায় প্রবাসীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তাই তাদের অধিকার ও সম্পদ সুরক্ষায় একটি পৃথক ট্রাইব্যুনাল গঠন এখন সময়ের দাবি।

আলোচনায় বক্তারা শুধু বাংলাদেশে প্রবাসীদের আইনি প্রতিকার সহজ করার বিষয়েই নয়, কানাডায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মৌলিক অধিকার নিশ্চিত করতেও দেশটির সরকারের সহযোগিতা কামনা করেন।

এইচআরপিবি কানাডা শাখার সাধারণ সম্পাদক সালমান আরেফিনের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন সংগঠনটির কানাডা শাখার ভাইস প্রেসিডেন্ট মো. শহীদ উদ্দিন, কানাডার ডিপ্লোম্যাটিক প্রটোকল কনসালটেন্ট রশিদ খান, কমিউনিটি নেতা ব্যারিস্টার আলমগীর, মন্ট্রিল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মো. মোরসালিন, ক্লাইমেট চ্যানেলের সিইও সঞ্জয় চাকি এবং লিবারেল পার্টি অব কানাডার ভাইস প্রেসিডেন্ট এহসানুল হাফিজসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *