সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সবশেষ

৯০ দিনের মধ্যে নির্বাচন, ডিজিটাল ভোটার তালিকায় জোর স্পেনের বাংলাদেশ অ্যাসোসিয়েশনের

স্পেনে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন’-এর নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নবগঠিত নির্বাচন কমিশন। দায়িত্ব গ্রহণের পর আগামী ৯০ দিনের মধ্যে ভোটার তালিকা তৈরি, সদস্যপদ নবায়ন এবং ভোটগ্রহণের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার পরিকল্পনা জানিয়েছে কমিশন।

রোববার মাদ্রিদের লাভাপিয়েস এলাকার কায়ে কারাভাকায় অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। সভায় নির্বাচনকে ঘিরে কমিশনের কর্মপরিকল্পনা তুলে ধরার পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়।

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু করেন অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ রমিজ উদ্দিন। প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সদস্য সচিব মো. দুলাল সাফা।

কমিশন জানায়, স্থানীয় মন্ত্রণালয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পর ইতোমধ্যে নির্বাচন কমিশনের অনুমোদন পাওয়া গেছে। অনুমোদিত কমিশন আগামী ৯০ দিন দায়িত্ব পালন করবে। এই সময়ের মধ্যেই ডিজিটাল পদ্ধতিতে ভোটার তালিকা প্রণয়ন, সদস্যপদ নবায়ন, নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি এবং ভোটগ্রহণের প্রস্তুতি শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদার বলেন, প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন আয়োজন করাই কমিশনের প্রধান লক্ষ্য। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সর্বস্তরের প্রবাসীর অংশগ্রহণের সুযোগ তৈরিতে কাজ করা হচ্ছে।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করে সঠিক নেতৃত্ব বেছে নেওয়ার পথ তৈরি করতে কমিশন কাজ করবে।

নির্বাচন ঘিরে প্রবাসীদের মধ্যে আগ্রহ বাড়াতে আঞ্চলিক কমিটিগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামী বুধবার বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এছাড়া আগামী ৩০ সেপ্টেম্বর সাধারণ সভা অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়।

ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে সদস্যপদ নবায়নকে গুরুত্ব দিয়েছে কমিশন। এ জন্য নির্ধারিত ৫ ইউরো ফি দিয়ে সদস্যপদ নবায়ন করতে হবে। ভোটার হওয়ার ক্ষেত্রে বৈধ বাংলাদেশি পাসপোর্ট অথবা স্প্যানিশ রেসিডেন্স কার্ড, দুটির যেকোনো একটি প্রমাণপত্র গ্রহণযোগ্য হবে।

মতবিনিময় সভায় সহপ্রধান নির্বাচন কমিশনার মাহবুবুর রহমান ঝন্টু, সদস্য হেমায়েত খান, যুগ্ম সচিব মাসুদুর রহমান, কোষাধ্যক্ষ রমিজ উদ্দিন, সহকোষাধ্যক্ষ সায়েদ মিয়া, সদস্য এমদাদ হাওলাদার, আবুল কাশেম মুকুল, জাকিরুল ইসলাম ও নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।

সভায় মাদ্রিদে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা নির্বাচন প্রক্রিয়া ও কমিশনের পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। কমিশনের পক্ষ থেকে এসব প্রশ্নের উত্তর দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *