সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সবশেষ

এআই ছবিতে নারী সেনা, কণ্ঠেও নারীসুলভ ভঙ্গিতে প্রবাসীর কাছ থেকে ৭ লাখ টাকা আত্মসাৎ

নারী সেনা সদস্য পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ইতালি প্রবাসী এক তরুণের কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গ্রেপ্তার ব্যক্তি তোফায়েল আলম টিটু। পিবিআইয়ের তথ্য অনুযায়ী, কেরানীগঞ্জ মডেল থানার বারিশুর বাঘবাড়ি এলাকার শাহনাজ বেগমের ছেলে শাহাদাত খান (২২) ইতালিতে থাকেন। ফেসবুকে ‘লেডি সোলজার/নারী যোদ্ধা’ নামে একটি পেজের মাধ্যমে টিটুর সঙ্গে তার পরিচয় হয়।

অভিযোগ অনুযায়ী, টিটু নিজেকে নারী সেনা সদস্য হিসেবে পরিচয় দিতে এআই দিয়ে তৈরি নারী সেনার পোশাক পরা ছবি ও ভিডিও ব্যবহার করতেন। শুধু ছবি-ভিডিওতেই নয়, ফোনে কথা বলার সময়ও নারীসুলভ কণ্ঠ ব্যবহার করে শাহাদাতের সঙ্গে যোগাযোগ রাখতেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়।

এরপর টিটু বিভিন্ন সময়ে নানা অজুহাতে শাহাদাতের কাছ থেকে টাকা নিতে শুরু করেন। এর মধ্যে মায়ের অসুস্থতার কথা বলেও টাকা চান তিনি। এভাবে বিকাশ ও নগদের মাধ্যমে প্রবাসীর কাছ থেকে আনুমানিক ৭ লাখ টাকা নেওয়া হয় বলে পিবিআই জানিয়েছে।

প্রতারণার বিষয়টি বুঝতে পেরে শাহাদাতের মা শাহনাজ বেগম আদালতে সিআর মামলা করেন। মামলাটির নম্বর ১০৫০/২৬। আদালতের নির্দেশে পিবিআই তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় সংশ্লিষ্ট ব্যক্তির অবস্থান শনাক্ত করার পর পরবর্তী পদক্ষেপ নেয় তদন্ত সংস্থাটি।

পরে কেরানীগঞ্জ মডেল থানায় নিয়মিত মামলা হলে পিবিআই মামলাটির ছায়া তদন্তের পাশাপাশি স্বউদ্যোগে তদন্তের দায়িত্ব নেয়।

তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. মনজুর রহমানের নেতৃত্বে গত ২০ সেপ্টেম্বর দারুস সালাম এলাকা থেকে তোফায়েল আলম টিটুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত বিকাশ ও নগদ অ্যাকাউন্টের সিমসহ তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারের পর ২১ সেপ্টেম্বর টিটুকে আদালতে হাজির করা হলে তার এক দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে গত ২৩ সেপ্টেম্বর তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *