বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

সবশেষ

দক্ষ কর্মী না পাঠালে বিদেশে কর্মসংস্থান বাড়িয়েও লাভ হবে না: প্রবাসী কল্যাণ মন্ত্রী

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে শুধু সংখ্যা বাড়ানোর দিকে নজর না দিয়ে দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেছেন, দক্ষতা ছাড়া বিপুলসংখ্যক কর্মী বিদেশে পাঠানো হলে তাতে দেশের প্রকৃত অর্থনৈতিক লাভ নিশ্চিত হবে না। বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণ ও দক্ষতা বাড়িয়েই প্রবাসে পাঠাতে হবে।

আজ শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামে প্রবাসী কর্মীদের বিভিন্ন সেবা পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

বিমানবন্দরের অভ্যন্তরে প্রবাসী কর্মীদের স্বাচ্ছন্দ্যে লাগেজ পরিবহনের জন্য ট্রলি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। একই সময়ে পরিদর্শন করেন প্রবাসী কল্যাণ ডেস্ক।

প্রবাসী কর্মীদের বিমানবন্দরকেন্দ্রিক স্বাস্থ্যসেবার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখার কথা জানান মন্ত্রী। বিমানবন্দর কর্তৃপক্ষকে তিনি দ্রুত একটি ইমার্জেন্সি চিকিৎসা কেন্দ্র স্থাপনের নির্দেশনা দেন। এ জন্য স্থান নির্বাচনের কাজ ইতোমধ্যে শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ফ্লাইট বিলম্বে ভোগান্তি কমাতে রেস্টহাউস
বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের বিভিন্ন ধরনের ভোগান্তির বিষয়ও তুলে ধরেন প্রবাসী কল্যাণমন্ত্রী। তিনি বলেন, অনেক সময় ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন বা বিলম্বের কারণে প্রবাসী কর্মীদের দীর্ঘ সময় বিমানবন্দরে অবস্থান করতে হয়। এ ধরনের পরিস্থিতিতে তাদের দুর্ভোগ কমাতে বিমানবন্দরের পাশে একটি রেস্টহাউস নির্মাণের পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী বলেন, বিদেশে যাওয়ার আগে এবং দেশে ফেরার সময় প্রবাসী কর্মীদের বিমানবন্দরে যাতে প্রয়োজনীয় সেবা ও সুবিধা পাওয়া যায়, সে বিষয়টি নিশ্চিত করা জরুরি।

সাত মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী
পরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আরিফুল হক চৌধুরী। তিনি জানান, সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যে যুদ্ধসহ নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত সাত মাসে প্রায় ৪ লাখ ৩৪ হাজার কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।

আগামী দিনগুলোতে দেশের বৈদেশিক শ্রমবাজারে আরও ইতিবাচক ফলাফল দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রবাসীদের আইনি সহায়তায় উদ্যোগ
অনুষ্ঠানে প্রবাসীদের আইনি সহায়তা আরও কার্যকর করার প্রস্তাব দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

প্রবাসীদের বিভিন্ন সমস্যা মোকাবিলায় আইনি সহায়তার পরিসর বাড়ানোর বিষয়ে উত্থাপিত প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন মন্ত্রী। প্রবাসীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারসহ মন্ত্রণালয়, চট্টগ্রাম জেলা প্রশাসন এবং বিমানবন্দর পরিচালনা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *