মালয়েশিয়ায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর সরকারি উদ্যোগে নতুন অগ্রগতি হয়েছে। এ প্রক্রিয়ায় আরও ১ হাজার ১০৩ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। এর মধ্যে নতুন করে ৫৩৫ জন কর্মী নেওয়ার চাহিদা এসেছে। পাশাপাশি আগের ৫৬৮ জনের নিয়োগ কার্যক্রমও চলমান রয়েছে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, প্রথম পর্যায়ের নিয়োগ কার্যক্রমে ইতোমধ্যে ৩০০ জন প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। অন্যদিকে, ৭০ জন কর্মীর কলিং ভিসাও হাতে এসেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি মাসের শেষ দিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হতে পারে।
সরকারের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মোট ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই উদ্যোগের আওতায় দেশটির ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের মাধ্যমে প্রক্রিয়াটি এগিয়ে নেওয়া হচ্ছে।
এ নিয়োগ কার্যক্রমের জন্য গত ২ নভেম্বর মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে কর্মী নেওয়ার চাহিদাপত্র পায় বোয়েসেল। এর তিন দিন পর, ৫ নভেম্বর অনলাইনে আবেদন আহ্বান করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি প্রতিষ্ঠানটি।
নিয়োগে স্বচ্ছতা বজায় রাখা এবং আগ্রহী প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে ডিজিটাল পদ্ধতিতে প্রাথমিক প্রার্থী বাছাই করা হচ্ছে। অনলাইন সফটওয়্যারের মাধ্যমে লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিতদের পরবর্তী ধাপে সাক্ষাৎকার নেওয়া হবে। একই সঙ্গে তাদের দক্ষতা ও পেশাগত যোগ্যতা যাচাইয়ের পর চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।
বিনা অভিবাসন ব্যয়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির এই উদ্যোগ বাস্তবায়িত হলে মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মীদের জন্য এটি নতুন সম্ভাবনা তৈরি করবে।








