অস্ট্রেলিয়ায় পড়াশোনা কিংবা স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন নিয়ে যাওয়া অভিবাসী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন করে উদ্বেগ তৈরি হচ্ছে। দেশটির শ্রমবাজারে দুর্বলতার লক্ষণ, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি মিলিয়ে কঠিন হয়ে উঠছে অর্থনৈতিক বাস্তবতা। বিশেষ করে নতুন অভিবাসী ও স্থানীয় কর্ম-অভিজ্ঞতাহীন বিদেশিদের জন্য চাকরি পাওয়া আগের তুলনায় বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে।
বিশ্বের অন্যতম সমৃদ্ধ অর্থনীতির দেশ অস্ট্রেলিয়াও বর্তমানে নানা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অর্থনৈতিক চাপের মুখে রয়েছে। উচ্চ সুদের হার, আবাসন ব্যয়, জ্বালানির বাজারে অস্থিরতা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলছে। এর সরাসরি ও পরোক্ষ প্রভাব পড়ছে কর্মসংস্থানের ওপরও।
অস্ট্রেলিয়ান ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের সেপ্টেম্বরের শ্রমবাজারবিষয়ক পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে বেকারত্বের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৭ শতাংশে। আগস্টেও এই হার একই ছিল। তবে জুলাইয়ে বেকারত্বের হার ছিল ৪ দশমিক ৫ শতাংশ।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, সেপ্টেম্বর মাসে কর্মরত মানুষের সংখ্যা আগের মাসের তুলনায় ৩৯ হাজার ৩০০ কমেছে। একই সময়ে বেকারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৩২ হাজারে।
এর আগে, জুলাইয়ে কর্মরত মানুষের সংখ্যা কমেছিল ১৫ হাজার ৮০০। আগস্টে অবশ্য এই সংখ্যা ৩৯ হাজার ৫০০ বেড়েছিল। মাসভিত্তিক পরিসংখ্যানে ওঠানামা থাকলেও সামগ্রিক পরিস্থিতি শ্রমবাজারে চাপের ইঙ্গিত দিচ্ছে।
ব্যয় বৃদ্ধিতে চাপে পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠান
অস্ট্রেলিয়ার অর্থনীতিতে বর্তমানে সবচেয়ে বড় উদ্বেগের জায়গাগুলোর একটি মূল্যস্ফীতি। গত ২৮ অক্টোবর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১২ মাসে দেশটির ভোক্তা মূল্যসূচক বেড়েছে ৪ দশমিক ৩ শতাংশ। আগস্টে এই হার ছিল ৪ শতাংশ।
জ্বালানি, পরিবহন, শিক্ষা, বিমা ও বিভিন্ন পরিষেবার ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের সংসার চালানো কঠিন হচ্ছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যের সংঘাত এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে বিঘ্নের কারণে তেলের দাম বৃদ্ধিও অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি করছে।
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব শুধু ব্যক্তিগত যাতায়াতেই সীমাবদ্ধ নয়। পণ্য উৎপাদন, পরিবহন ও সরবরাহ ব্যবস্থার খরচ বাড়ায় শেষ পর্যন্ত এর বোঝা গিয়ে পড়ছে ভোক্তাদের ওপর।
অন্যদিকে, মানুষের আয় বাড়ার তুলনায় ব্যয় দ্রুত বাড়লে কেনাকাটা ও অন্যান্য খাতে খরচ কমাতে বাধ্য হন তারা। এতে ব্যবসাপ্রতিষ্ঠানের বিক্রি কমে এবং নতুন কর্মী নিয়োগের সক্ষমতাও দুর্বল হয়ে পড়ে।
সুদের হার বাড়ায় বাড়তি চাপ মর্টগেজ ও ব্যবসায়
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গত ৩ নভেম্বর অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৪ দশমিক ৮৫ শতাংশ করেছে। ব্যাংকটির মূল্যায়ন, মূল্যস্ফীতি এখনো প্রত্যাশিত পর্যায়ে নেমে আসেনি।
সুদের হার বাড়ার ফলে বাড়ির ঋণ বা মর্টগেজের কিস্তি বেড়েছে। একই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য ঋণ নেওয়ার খরচও বৃদ্ধি পেয়েছে। এতে পরিবারগুলো ভ্রমণ, বিনোদন ও কেনাকাটার মতো খাতে ব্যয় কমিয়ে দিচ্ছে।
অর্থনীতিবিদদের আশঙ্কা, এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে মানুষের ভোগব্যয় আরও সংকুচিত হতে পারে। পাশাপাশি ব্যবসায়িক বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির গতিও কমে যাওয়ার ঝুঁকি রয়েছে।
আবাসন বাজারেও স্বস্তি নেই
অস্ট্রেলিয়ায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির আরেকটি বড় কারণ আবাসন খাতের চাপ। দীর্ঘদিন ধরে বাড়ির দাম ও ভাড়া বৃদ্ধি এবং মর্টগেজের কিস্তি সাধারণ মানুষের আর্থিক সক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
কেন্দ্রীয় ব্যাংকের নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, দেশটির জাতীয় আবাসনমূল্য মার্চের সর্বোচ্চ অবস্থান থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৪ দশমিক ৭ শতাংশ কমেছে। উচ্চ সুদের হার এবং সরকারি বাজেটে ঘোষিত করসংক্রান্ত পরিবর্তনসহ বিভিন্ন কারণে আবাসন বাজারের কার্যক্রম দুর্বল হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে কেন্দ্রীয় ব্যাংকের নভেম্বরের পূর্বাভাসেও অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ধীর হওয়ার পাশাপাশি আগামী কয়েক বছরে বেকারত্বের হার বাড়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
তবে একই সময়ে মোট কর্মসংস্থান বাড়ার পূর্বাভাসও রয়েছে। অর্থাৎ চাকরির সংখ্যা বাড়লেও কর্মক্ষম জনগোষ্ঠীর প্রবৃদ্ধি যদি তার চেয়ে বেশি হয়, তাহলে বেকারত্বের হার ঊর্ধ্বমুখী হতে পারে।
কেন বেশি চাপে পড়তে পারেন প্রবাসী ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা?
অস্ট্রেলিয়ার শ্রমবাজারে বিদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। প্রতিবছর বিপুলসংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য দেশটিতে যান। তাদের অনেকেই পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজ করেন। অন্যদিকে, নতুন অভিবাসীদের একটি বড় অংশ স্থায়ী কর্মসংস্থানের মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করেন।
কিন্তু চাকরির বাজারে প্রতিযোগিতা বাড়লে এসব মানুষের জন্য পরিস্থিতি কঠিন হতে পারে। বিশেষ করে যারা নতুন অস্ট্রেলিয়ায় গেছেন, স্থানীয় কর্মক্ষেত্রে যাদের অভিজ্ঞতা নেই কিংবা নির্দিষ্ট পেশাগত দক্ষতার ঘাটতি রয়েছে, তাদের চাকরি পেতে বেশি সময় লাগতে পারে।
শিক্ষার্থীদের ক্ষেত্রে এর প্রভাব আরও গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই পড়াশোনা, বাসাভাড়া ও দৈনন্দিন খরচের একটি অংশ চাকরি থেকে পাওয়া আয়ের মাধ্যমে মেটান। কর্মসংস্থানের সুযোগ সীমিত হলে তাদের আর্থিক পরিকল্পনাও চাপে পড়তে পারে।
তবে অস্ট্রেলিয়ার সব খাতেই যে চাকরির সুযোগ কমে যাচ্ছে, বিষয়টি এমন নয়। জনসংখ্যা বৃদ্ধি, বয়স্কদের সেবা, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামো উন্নয়নের মতো খাতে এখনো দক্ষ কর্মীর প্রয়োজন রয়েছে। ফলে প্রয়োজনীয় যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে এসব ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ পাওয়া সম্ভব।
অর্থনীতি ঘুরে দাঁড়ানোর অপেক্ষা
প্রাকৃতিক সম্পদ, আন্তর্জাতিক বাণিজ্য, শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠান এবং দক্ষ জনশক্তির কারণে অস্ট্রেলিয়ার অর্থনৈতিক ভিত্তি এখনো শক্তিশালী। তবে বর্তমান পরিস্থিতি দেখিয়ে দিচ্ছে, বৈশ্বিক অস্থিরতা ও অভ্যন্তরীণ ব্যয় বৃদ্ধির প্রভাব থেকে দেশটির অর্থনীতিও পুরোপুরি মুক্ত নয়।
আগামী দিনগুলোতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, জ্বালানি বাজারের স্থিতিশীলতা, সুদের হার এবং সাধারণ মানুষের ভোগব্যয়ের ওপর দেশটির অর্থনৈতিক পরিস্থিতি অনেকটাই নির্ভর করবে।
এসব ক্ষেত্রে দ্রুত উন্নতি না হলে ধীর প্রবৃদ্ধি, উচ্চ জীবনযাত্রার ব্যয় এবং বেকারত্বের চাপ আরও দীর্ঘস্থায়ী হতে পারে। আর তেমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন নতুন অভিবাসী ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা, যাদের অস্ট্রেলিয়ায় টিকে থাকার অন্যতম প্রধান অবলম্বন একটি স্থিতিশীল কর্মসংস্থান।








