মালয়েশিয়ায় নির্মাণকাজ করতে গিয়ে ভয়াবহ ভূমিধসের শিকার হয়েছেন পাঁচ বাংলাদেশি শ্রমিক। এ ঘটনায় মাটির নিচে চাপা পড়ে ৪১ বছর বয়সী এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। সৌভাগ্যক্রমে উদ্ধারকারী দল বাকি চারজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে মালয়েশিয়ার ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সেন্টুল জেলা পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার আনোয়ার বাকরি আব্দুল সালাম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করা হয়। হেল্পলাইনের মাধ্যমে সেন্টুল জেলা পুলিশ সদর দপ্তরে খবর পৌঁছালে জিনজ্যাং ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের সহায়তায় ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়।
পরে মাটির স্তূপের নিচে আটকে পড়া এক বাংলাদেশি শ্রমিককে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছিল। ঘটনাস্থলে থাকা চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ প্রধানের দেওয়া মধ্যরাতের এক বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনাস্থল থেকে আরও চার বাংলাদেশি শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন মাথায় আঘাত পেয়েছেন। চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। অন্য তিনজনের কোনো আঘাত লাগেনি।
উদ্ধারকাজ চলাকালে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দুর্ঘটনাস্থল ঘিরে ফেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে উদ্ধার অভিযান শেষ ঘোষণা করা হয়।
এদিকে, কী কারণে ওই এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার আনোয়ার বাকরি আব্দুল সালাম।
একই সঙ্গে দুর্ঘটনাস্থলের আশপাশে জনসাধারণকে অযথা ভিড় না করার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে পুলিশ।








