মালয়েশিয়ায় অভিবাসন আইনের শর্ত ভঙ্গের ঘটনায় বিদেশি নাগরিকদের মধ্যে বাংলাদেশিদের সংশ্লিষ্টতা সবচেয়ে বেশি। ২০২৩ সাল থেকে চলতি বছরের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে এ ধরনের ৬ হাজার ৮৯৮টি ঘটনায় বাংলাদেশিদের নাম এসেছে। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন থাইল্যান্ডের নাগরিকরা।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল বুধবার (২৫ নভেম্বর) দেশটির পার্লামেন্টে লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। ইংরেজি দৈনিক দ্য স্টার এ তথ্য প্রকাশ করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, একই সময়ে অভিবাসন আইন লঙ্ঘনের ঘটনায় থাই নাগরিকদের বিরুদ্ধে ৪ হাজার ৮৫৬টি, ইন্দোনেশিয়ার নাগরিকদের বিরুদ্ধে ২ হাজার ১৫৪টি, চীনের নাগরিকদের বিরুদ্ধে ১ হাজার ২০৭টি, ভিয়েতনামের নাগরিকদের বিরুদ্ধে ১ হাজার ৪৬টি এবং পাকিস্তানের নাগরিকদের বিরুদ্ধে ৮২৩টি ঘটনা নথিভুক্ত হয়েছে।
এ ছাড়া মিয়ানমারের নাগরিকদের বিরুদ্ধে ৫৩১টি, ভারতের নাগরিকদের বিরুদ্ধে ৫০০টি, নেপালের নাগরিকদের বিরুদ্ধে ৩২৮টি, লাওসের নাগরিকদের বিরুদ্ধে ১৭২টি এবং ফিলিপাইনের নাগরিকদের বিরুদ্ধে ১৫৭টি ঘটনা নথিভুক্ত করেছে দেশটির অভিবাসন বিভাগ। সব মিলিয়ে ২০২৩ সাল থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ৩৯(বি) ধারায় মোট ১৮ হাজার ৮৩৮টি ঘটনা রেকর্ড করা হয়েছে।
পার্লামেন্টে বারিসান ন্যাশনাল (বিএন) জোটের আয়্যার হিতাম আসনের সংসদ সদস্য দাতুক সেরি ড. উই কা সিয়ংয়ের এক প্রশ্নের জবাবে এসব তথ্য তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। সামাজিক ভ্রমণ পাস ব্যবহার করে মালয়েশিয়ায় কাজ করার অভিযোগে আটক ১৫ হাজার ৩৪৯ জন বিদেশির জাতীয়তা ও কর্মক্ষেত্রভিত্তিক পরিসংখ্যান জানতে চেয়েছিলেন ওই সংসদ সদস্য।
সাইফুদ্দিন নাসুতিওন স্পষ্ট করে বলেন, সামাজিক ভ্রমণ পাস কিংবা সামাজিক ভ্রমণ ও পর্যটনের জন্য দেওয়া ভিসা অব্যাহতি মালয়েশিয়ায় চাকরি, ব্যবসা বা বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার অনুমতি হিসেবে বিবেচিত হবে না। কোনো বিদেশি নাগরিক তাঁর পাসের নির্ধারিত শর্তের বাইরে গিয়ে কাজ বা ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত হলে ইমিগ্রেশন বিধিমালার ৩৯(বি) ধারায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।
তিনি আরও জানান, বৈধ পাস ও ওয়ার্ক পারমিট ছাড়া বিদেশিদের চাকরি করা কিংবা বাণিজ্যিক, ব্যবসায়িক ও অন্যান্য লেনদেনমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ নেই। মালয়েশিয়ায় ব্যবসা পরিচালনা করতে হলে সংশ্লিষ্ট লাইসেন্সের শর্ত পূরণের পাশাপাশি অভিবাসন বিভাগ ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
এদিকে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে অভিবাসন আইন বাস্তবায়নে দেশজুড়ে ব্যাপক অভিযান পরিচালনা করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত মোট ৫ হাজার ৫৩টি অভিযানে ৭২ হাজার ৮৫৪ জনকে তল্লাশি করা হয়। এসব অভিযানে পাসের শর্ত লঙ্ঘনের অভিযোগে কাগজপত্রহীন ২ হাজার ৩০৬ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বৈধ ভ্রমণ নথি বা পাস ছাড়া বিদেশিদের নিয়োগ দেওয়ার অভিযোগে ৮০১ জন নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্যে আরও বলা হয়, এ সময়ে ৭৫৯টি ‘অপস সেলে’ অভিযানে ২ হাজার ৩৩৮ জন, ৪০৯টি ‘অপস বেলাঞ্জা’ অভিযানে ৫৮৯ জন এবং ৭৫টি ‘অপস জাজা’ অভিযানে ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মালয়েশিয়ায় সামাজিক ভ্রমণ পাস নিয়ে প্রবেশের পর বিদেশিদের অবৈধ বাণিজ্যিক ও খুচরা ব্যবসায় জড়িয়ে পড়ার অভিযোগে বিভিন্ন চেম্বার অব কমার্স উদ্বেগ প্রকাশ করেছিল। এর পরিপ্রেক্ষিতে পাস ও পারমিটের শর্ত লঙ্ঘনকারী বিদেশিদের নিয়োগ দেওয়া বা আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে, এমন ব্যবসাপ্রতিষ্ঠান ও স্থাপনায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান সাইফুদ্দিন। এসব প্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি ব্যবসায়ী ও নিয়োগকর্তাদের নিয়ম মেনে চলার বিষয়ে পরামর্শ ও সতর্কবার্তাও দেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিবাসন-সংক্রান্ত সুযোগ-সুবিধার অপব্যবহারের বিরুদ্ধে মালয়েশিয়া সরকার শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে।








