শনিবার, ২ মে ২০২৬

সবশেষ

ইরানি বন্দর অবরোধে মার্কিন নৌবাহিনী ‘জলদস্যুদের মতো’ কাজ করছে: ট্রাম্প

ইরানকে ঘিরে চলমান সামুদ্রিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের নৌতৎপরতা নিয়ে নিজেই বিতর্কিত মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানি বন্দর এলাকায় অভিযানে গিয়ে মার্কিন নৌবাহিনী অনেকটা “জলদস্যুদের মতো” আচরণ করেছে।

শুক্রবার ফ্লোরিডাতে এক জনসভায় ট্রাম্প একটি জাহাজ জব্দের ঘটনার বর্ণনা দেন। তার দাবি, অভিযানে মার্কিন বাহিনী জাহাজটির নিয়ন্ত্রণ নেয় এবং তেল জব্দ করে। তিনি এটিকে ‘লাভজনক’ পদক্ষেপ হিসেবেও উল্লেখ করেন।

সমর্থকদের করতালির মধ্যে ট্রাম্প বলেন, তাদের কার্যক্রম জলদস্যুদের মতো মনে হলেও তা হালকাভাবে নেওয়ার মতো কিছু নয়। তার এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন অঞ্চলটিতে সামুদ্রিক নিরাপত্তা ও আন্তর্জাতিক আইনের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

একই সময়ে আইন বিশেষজ্ঞরা স্ট্রেইট অব হরমুজে ইরানের পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। তেহরান এই গুরুত্বপূর্ণ নৌপথে কার্যত অবরোধ তৈরি করেছে এবং সেখানে চলাচলকারী জাহাজগুলোর ওপর ফি আরোপের পরিকল্পনার কথাও সামনে এসেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান এই কৌশল নেয় বলে জানা গেছে। বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পথ ঘিরে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *