রবিবার, ৩ মে ২০২৬

সবশেষ

জয়-পলকের মামলায় আজ ষষ্ঠ সাক্ষীর সাক্ষ্য

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা আলোচিত মামলায় সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার (৩ মে) এ মামলায় ষষ্ঠ সাক্ষীর জবানবন্দি গ্রহণের কথা রয়েছে।

বিচারপতি মো. গোলাম মোর্তুজা মজুমদারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যানাল ১ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

মামলার দুই আসামির মধ্যে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। অন্যদিকে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় পলাতক থাকায় তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম আদালতে প্রতিনিধিত্ব করছেন।

এর আগে, ২৬ এপ্রিল মামলার পঞ্চম সাক্ষীর জেরা শেষ হয়। বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ওই কর্মকর্তার জবানবন্দি ১৯ এপ্রিল রেকর্ড করা হয়েছিল। পরে আসামিপক্ষের আইনজীবী আমিনুল গণি টিটোসহ অন্যরা তাকে জেরা করেন। জেরা সম্পন্ন হওয়ায় আজ নতুন সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করা হয়।

প্রসিকিউশনের পক্ষ থেকে তিনটি অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়, জয়ের নির্দেশে ২০২৪ সালের ১৪ জুলাই রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক বার্তা দেন পলক। এর জেরে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে, যেখানে পুলিশ ও দলীয় সশস্ত্র গোষ্ঠীর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এছাড়া ইন্টারনেট বন্ধ করে মারণাস্ত্র ব্যবহারে প্ররোচনা এবং হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগও আনা হয়েছে। এসব ঘটনায় রাসেল, মোসলেহ উদ্দিনসহ মোট ২৮ জন নিহত হন বলে উল্লেখ করা হয়।

তৃতীয় অভিযোগে রাজধানীর উত্তরা এলাকায় ৩৪ জনকে হত্যায় সহায়তার বিষয়টি তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২১ জানুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল-১। এর আগে, গত বছরের ৪ ডিসেম্বর প্রসিকিউশনের জমা দেওয়া আনুষ্ঠানিক অভিযোগপত্র আমলে নেয় আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *