দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যাওয়া এক তরুণের জীবন থেমে গেল মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। দেশটিতে মদ্যপ চালকের গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন ২৩ বছর বয়সী বাংলাদেশি শিক্ষার্থী হাসিবুর রহমান।
নিহত হাসিবুর রহমান জয়পুরহাটের কালাই উপজেলার মহেশপুর গ্রামের বাসিন্দা নিজাবুল ইসলাম হিরোর ছেলে। তিনি জিয়নবুক ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সময় শনিবার (২ মে) মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, কাজ শেষে বাসায় ফেরার পথে হাসিব একটি ইলেকট্রিক স্কুটার চালিয়ে রাস্তা পার হচ্ছিলেন। ঠিক সেই সময় এক মদ্যপ চালকের গাড়ি তাকে সজোরে আঘাত করে।
দুর্ঘটনার পর দ্রুত তাকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয় এবং জরুরি বিভাগে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে মস্তিষ্কে গুরুতর আঘাত পাওয়ায় শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়। রোববার সকাল ৮টায় তার মৃত্যু হয়।
হাসিবের বন্ধু মাহমুদুল হাসান জানান, ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টুডেন্ট ভিসায় দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমান তিনি। ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায় শুরু করেছিলেন, মাত্র চার মাস আগে বিয়ে করেছিলেন হাসিব।








