বিদায়ী এপ্রিল মাসে প্রবাসী আয়ে স্থিতিশীল প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রেখেছে বাংলাদেশ। মাসজুড়ে দেশে এসেছে ৩১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা দৈনিক গড়ে প্রায় ১০ কোটি ৪২ লাখ ডলারের সমান বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খানের তথ্যমতে, আগের বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। গত বছরের এপ্রিলে যেখানে ২৭৫ কোটি ২০ লাখ ডলার এসেছিল, সেখানে এবার তা আরও বেশি হয়েছে।
চলতি ২০২৪–২৫ অর্থবছরের জুলাই থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯৩৩ কোটি ২০ লাখ ডলার। বছর ব্যবধানে এ প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে প্রায় ১৯ দশমিক ৫০ শতাংশ।
এর আগে, মার্চ মাসে দেশে রেমিট্যান্স আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া ফেব্রুয়ারি ও জানুয়ারিতে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার এবং ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার আসে।
গত বছরের শেষ দিকেও প্রবাহ ছিল শক্তিশালী, ডিসেম্বরে ৩২২ কোটি ৬৭ লাখ, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স আসে। অক্টোবর ও সেপ্টেম্বরে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার প্রবাসী আয় যুক্ত হয়। একইভাবে আগস্ট ও জুলাইয়ে রেমিট্যান্স ছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।








