সোমবার, ৪ মে ২০২৬

সবশেষ

জব্দ ইরানি জাহাজের ২২ নাবিককে পাকিস্তানে পাঠাল যুক্তরাষ্ট্র

ওমান উপসাগরে আটক হওয়া ইরানের পতাকাবাহী জাহাজ এমভি তুসকার ২২ জন নাবিককে পাকিস্তানের কাছে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। সেখান থেকে তাদের নিজ দেশ ইরানে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে।

ইরান-সংক্রান্ত সামরিক কার্যক্রম তদারককারী মার্কিন বাহিনীর সেন্টকমের এক মুখপাত্র সোমবার এ তথ্য নিশ্চিত করেন। সংস্থাটির মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, এমভি তুসকার নাবিকদের পাকিস্তানের কাছে হস্তান্তরের কাজ সম্পন্ন হয়েছে এবং পরবর্তী ধাপে তাদের নিজ দেশে পাঠানো হবে।

এর আগে, গত মাসে জাহাজটি জব্দ করে যুক্তরাষ্ট্র। ২০ এপ্রিল কনটেইনারবাহী এ জাহাজটি আটক করার সময় অভিযোগ করা হয়, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ ভঙ্গ করা হয়েছিল। তবে এই পদক্ষেপকে ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যা দেয় তেহরান।

সেন্টকম আরও জানিয়েছে, জাহাজটিতে থাকা ছয়জনকে এর আগেই একটি আঞ্চলিক দেশের কাছে হস্তান্তর করা হয়, যেখান থেকে তাদের নিজ দেশে ফেরার ব্যবস্থা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই ছয়জন নাবিকদের পরিবারের সদস্য ছিলেন।

ঘটনাটি ঘিরে আঞ্চলিক উত্তেজনার মধ্যেই নাবিকদের ধাপে ধাপে প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *