মঙ্গলবার, ৫ মে ২০২৬

সবশেষ

মে মাসের ৪ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৪৬ কোটি ডলার

মে মাসের শুরুতেই প্রবাসী আয়ে ইতিবাচক গতি দেখা যাচ্ছে। মাসের প্রথম চার দিনেই দেশে এসেছে প্রায় ৪৬ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স, যা আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান মঙ্গলবার (৫ মে) জানান, ১ থেকে ৪ মে পর্যন্ত মোট ৪৫ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এতে করে দৈনিক গড় প্রবাহ দাঁড়িয়েছে প্রায় ১১ কোটি ৪০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৩১ কোটি ২০ লাখ ডলার, ফলে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে স্পষ্ট বৃদ্ধি দেখা যাচ্ছে।

চলতি অর্থবছরের (জুলাই থেকে ৪ মে পর্যন্ত) মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৯৭৮ কোটি ৯০ লাখ ডলার। এ হিসাবে গত বছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৯ দশমিক ৯০ শতাংশ।

সাম্প্রতিক মাসগুলোর হিসাবেও ওঠানামার চিত্র দেখা গেছে। গত মার্চে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স আসে, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ। তবে এপ্রিল মাসে তা কিছুটা কমে দাঁড়ায় ৩১২ কোটি ৭৩ লাখ ডলারে।

এর আগে, ফেব্রুয়ারিতে আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার। ডিসেম্বর মাসে রেমিট্যান্স ছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

অন্যদিকে অক্টোবর ও সেপ্টেম্বরে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স দেশে আসে। আগস্টে এ পরিমাণ ছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *