মঙ্গলবার, ৫ মে ২০২৬

সবশেষ

ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরে ফেরা যাত্রীদের চাপ সামাল দিতে ট্রেনের টিকিট ব্যবস্থাপনায় আগেভাগেই প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ লক্ষ্যে অগ্রিম ও ফিরতি যাত্রার টিকিট বিক্রির বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

রেলওয়ে জানিয়েছে, ১৩ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে এবং প্রতিদিন সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট পাওয়া যাবে। আগের মতোই এবারও শতভাগ টিকিট অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি করা হবে। একজন যাত্রী একবারে সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন, তবে ঈদ উপলক্ষে কেনা টিকিট ফেরত দেওয়ার সুযোগ থাকছে না।

ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে নির্দিষ্ট দিন অনুযায়ী ভ্রমণের টিকিট ছাড়ার পরিকল্পনা করা হয়েছে। যেমন ১৩ মে বিক্রি হবে ২৩ মে’র টিকিট, ১৪ মে বিক্রি হবে ২৪ মে’র টিকিট, এভাবে ধারাবাহিকভাবে ১৭ মে পর্যন্ত ২৭ মে’র টিকিট পাওয়া যাবে। এছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিটের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে।

ঈদ শেষে ঢাকায় ফেরার যাত্রার টিকিটও একইভাবে ধাপে ধাপে বিক্রি করা হবে। ২১ মে বিক্রি হবে ৩১ মে’র টিকিট, ২২ মে ১ জুনের, ২৩ মে ২ জুনের, ২৪ মে ৩ জুনের এবং ২৫ মে ৪ জুনের টিকিট।

টিকিট কালোবাজারি নিয়ন্ত্রণ এবং যাত্রীদের ভোগান্তি কমাতে কিছু কঠোর নিয়মও বজায় রাখা হচ্ছে। সব টিকিট অনলাইনে কিনতে হবে, এনআইডি যাচাইয়ের মাধ্যমে টিকিট ইস্যু করা হবে এবং নির্দিষ্ট সীমার বাইরে টিকিট কেনা যাবে না। তবে যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের (উচ্চ শ্রেণি বাদে) সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত স্ট্যান্ডিং টিকিট সংগ্রহের সুযোগ থাকবে।

রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের সঠিক তথ্য ব্যবহার করে নির্ধারিত নিয়ম মেনে টিকিট সংগ্রহের আহ্বান জানিয়েছে, যাতে ঈদযাত্রা হয় স্বস্তিদায়ক ও ঝামেলামুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *