দেশের শিক্ষা কাঠামোকে সময়োপযোগী করতে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত কারিকুলাম পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে স্কুল স্তর থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বর্তমান বাস্তবতায় শিক্ষা কারিকুলাম নতুনভাবে সাজানো সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর ও বাস্তবমুখী করতে সরকার কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইনোভেশন গ্র্যান্ট চালুর উদ্যোগ নিয়েছে।
তারেক রহমানের ভাষ্য, সীমিত সম্পদ নিয়েও সঠিক পরিকল্পনা ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব। তিনি বলেন, দেশের মেধাবীদের বিদেশমুখী হওয়া ঠেকিয়ে তাদের সক্ষমতা দেশের উন্নয়নে কাজে লাগাতে চায় সরকার।
প্রধানমন্ত্রী আরও বলেন, এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের প্রতিভা ও সম্ভাবনাকে পুরোপুরি বিকশিত করার সুযোগ পাবে।
তিনি দাবি করেন, ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠনে তরুণদের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।








