মঙ্গলবার, ১২ মে ২০২৬

গাজীপুরে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

গাজীপুরে এক অটোরিকশাচালক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে নগরের গাছা থানাধীন উজারপাড়া মহরের বাড়ি এলাকা থেকে রক্তাক্ত লাশটি উদ্ধার করা হয়।

নিহত কিশোরের নাম শুভ (১৬)। সে নেত্রকোনার মদন থানার গোবিন্দশ্রী এলাকার আমির মিয়ার ছেলে।

গাছা থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বলেন, শুভ মহানগরের শরীফপুর এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাত। গতকাল সোমবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হওয়ার পর সে আর ফেরেনি।

আজ মঙ্গলবার ভোরে নগরের উজারপাড়া এলাকায় শুভর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশের ধারণা, রাতে দুর্বৃত্তরা শুভকে গলা কেটে হত্যার পর অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন জানিয়ে এসআই মামুনুর রশিদ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *