ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পর নির্বাচনী ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির হিসাবে, এবারের নির্বাচনে মোট ব্যয় হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা।
মঙ্গলবার (১২ মে) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে ব্যয়ের এই বিবরণী জমা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। প্রতিবেদনে সই করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ইসিতে দেওয়া তথ্য অনুযায়ী, নির্বাচনী ব্যয়ের সবচেয়ে বড় অংশ গেছে প্রার্থীদের অনুদান খাতে। জামায়াতের মনোনীত ২২৫ জন প্রার্থীর জন্য মোট ৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এ ছাড়া নির্বাচনী প্রচারণায় ব্যয় হয়েছে ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা। জনসভা আয়োজন ও নেতাদের সফরে খরচ হয়েছে ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা। আবাসন ও প্রশাসনিক কাজে ব্যয় দেখানো হয়েছে ৯ লাখ ৪৪ হাজার ৯৪৪ টাকা।
স্টাফ ব্যয় বাবদ খরচ হয়েছে ২ লাখ ৮৫ হাজার ৯০২ টাকা এবং পরিবহন খাতে ব্যয় হয়েছে ৮ হাজার ৭০০ টাকা। পাশাপাশি বিবিধ খাতে আরও ২ লাখ টাকা ব্যয়ের তথ্য দেওয়া হয়েছে।
দলটির জমা দেওয়া প্রতিবেদনে নির্বাচনী ইশতেহার ডিজাইন ও মুদ্রণ, সংবাদ সম্মেলন আয়োজন, আপ্যায়ন, নির্বাচনী সামগ্রী পরিবহন এবং আন্তর্জাতিক গণমাধ্যম বা আইসিসিতে বিজ্ঞাপন প্রচারের খরচও অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী দলীয় ইতিহাসে সর্বোচ্চ ৬৮টি আসনে জয় পায়। এছাড়া দলটির নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি আসনে বিজয়ী হয়। ফলে জোটগতভাবে এবারের নির্বাচনে তারা উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে।








