শুক্রবার, ১৫ মে ২০২৬

সবশেষ

নাসার বাংলাদেশি বিজ্ঞানী রেজাউল হক মারা গেছেন

বাংলাদেশের গর্ব, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসারর সাবেক বিজ্ঞানী ড. এম রেজাউল হক আর নেই। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

পারিবারিক সূত্র জানিয়েছে, ড. রেজাউল হকের গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কেল্লাবারুইপাড়া এলাকায়। দীর্ঘদিন ধরেই তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন এবং সেখানেই তার কর্মজীবনের গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত হয়।

জানা গেছে, নাসায় যোগদানের আগে তিনি যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের একটি স্টেট ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি নাসায় যোগ দিয়ে গবেষণা কার্যক্রমে অবদান রাখেন। কর্মজীবনের দীর্ঘ সময় বিজ্ঞানচর্চার সঙ্গে যুক্ত থাকার পর কয়েক বছর আগে অবসরে যান তিনি।

ব্যক্তিগত জীবনে ড. রেজাউল হক ছিলেন নয় ভাই-বোনের মধ্যে তৃতীয়। তার বাবা ফহিম উদ্দিন বিশ্বাস এবং মা আনোয়ারা খাতুন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসন্তানসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্রেই তার দাফন সম্পন্ন করা হবে।

তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর রাজশাহীর গোদাগাড়ী এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই তাকে এলাকার গর্ব হিসেবে উল্লেখ করেছেন। শুক্রবার জুমার নামাজের পর কেল্লাবারুইপাড়া জামে মসজিদে তার আত্মার মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *