বুধবার, ২০ মে ২০২৬

সবশেষ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত সিরিয়াস আদালত অবমাননা: শিশির মনির

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার সিদ্ধান্তকে ‘গুরুতর আদালত অবমাননা’ হিসেবে আখ্যা দিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির। তিনি জানিয়েছেন, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হবে।

বুধবার (২০ মে) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

শিশির মনির বলেন, সর্বোচ্চ আদালতের নির্দেশনার ভিত্তিতেই সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন করা হয়েছিল এবং বিষয়টি এখনও বিচারাধীন রয়েছে। তাই বিচারাধীন অবস্থায় সচিবালয় বিলুপ্ত করা আদালতের প্রতি অবমাননার শামিল বলে তিনি মনে করেন। তার ভাষ্য, এ বিষয়ে আগামীকাল আদালতে আনুষ্ঠানিক আবেদন করা হবে।

এর আগে মঙ্গলবার (১৯ মে) সরকার সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে সেখানে কর্মরত সিনিয়র সচিবসহ ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করার সিদ্ধান্ত নেয়। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে।

আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে কর্মকর্তাদের নাম, বিলুপ্ত সচিবালয়ে তাদের দায়িত্ব এবং নতুন সংযুক্তির তথ্য উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ১১ ডিসেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন করেছিলেন। সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ এ আয়োজিত ওই অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *