ময়মনসিংহের ত্রিশালে দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১১টা ৫ মিনিটে তেজগাঁওয়ের কার্যালয় থেকে সড়কপথে তাঁর যাত্রা শুরু হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
সরকারি সফরের অংশ হিসেবে ত্রিশালের ঐতিহাসিক বৈলর ইউনিয়নের কানহর গ্রামে ‘ধরার খাল’ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ এ খাল পুনরুদ্ধার উদ্যোগকে ঘিরে এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
সফরসূচি অনুযায়ী, দুপুরে খাল পুনঃখনন উদ্বোধনের পর ত্রিশাল নজরুল ডাক বাংলোতে স্বল্প সময়ের বিরতি নেবেন তিনি। পরে বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ত্রিশালে।
এ ছাড়া বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে আয়োজিত ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভাতেও যোগ দেওয়ার কথা রয়েছে তার।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।








