শনিবার, ২৩ মে ২০২৬

সবশেষ

হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ৫০০ ছাড়াল

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত দুই মাসের বেশি সময়ে হাম ও হামের মতো উপসর্গে আক্রান্ত হয়ে মৃত শিশুর সংখ্যা পাঁচশ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৫১২ শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছিল। বাকিরা হামের উপসর্গে আক্রান্ত ছিল।

নতুন মৃত্যুগুলোর মধ্যে ঢাকায় চারজন, চট্টগ্রামে দুইজন, সিলেটে চারজন, বরিশালে দুইজন এবং ময়মনসিংহে একজন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে মারা যাওয়া এক শিশুর শরীরে হাম নিশ্চিত হয়েছিল।

সরকারি হিসাব অনুযায়ী, ১৫ মার্চের পর থেকে হামের উপসর্গে মারা গেছে ৪২৬ শিশু। আর পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে আরও ৮৬ জনের।

একই সময়ে দেশে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত শিশুর সংখ্যাও দ্রুত বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৬২ হাজার ৫০৭ শিশুর শরীরে হামের লক্ষণ দেখা গেছে। আক্রান্তদের মধ্যে ৪৯ হাজার ৩৮৯ শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তবে চিকিৎসা শেষে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৫ হাজার ১১ শিশু।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচির ঘাটতি, সচেতনতার অভাব এবং দ্রুত সংক্রমণ বিস্তারের কারণেই পরিস্থিতি জটিল হয়ে উঠছে। তারা শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপর গুরুত্ব দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *