দেশজুড়ে চলমান ভ্যাপসা গরমের মধ্যে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিনসহ টানা অন্তত পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার প্রবণতা বজায় থাকতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। এর প্রভাবে সপ্তাহের মাঝামাঝি থেকে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।
সোমবার (২৫ মে) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে এবং খুলনা ও বরিশালের বিচ্ছিন্ন এলাকায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে উত্তরাঞ্চলের কয়েকটি বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
বর্তমানে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, পটুয়াখালীসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আপাতত এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
মঙ্গলবার (২৬ মে) থেকে বৃষ্টির বিস্তৃতি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (২৭ মে) থেকে দেশের আবহাওয়ায় আরও পরিবর্তনের আভাস দিয়েছে সংস্থাটি। এদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকাও বৃষ্টির আওতায় আসতে পারে। আবহাওয়া অফিসের ভাষ্য, এ সময় দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।
বৃহস্পতিবার (২৮ মে) ও শুক্রবার (২৯ মে) একই ধরনের আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শুক্রবার চট্টগ্রাম বিভাগেও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচদিন পরও দেশে বৃষ্টিপাতের এই প্রবণতা চলমান থাকতে পারে।








