সোমবার, ২৫ মে ২০২৬

সবশেষ

দাম বেড়ে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে নতুন দরে, কোন ক্যারেট ভরি কত?

দেশের জুয়েলারি বাজারে আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (২৫ মে) সকাল থেকেই কার্যকর হয়েছে মূল্যবান এই দুই ধাতুর সংশোধিত দর। ফলে ক্রেতাদের এখন আগের তুলনায় বেশি দামে কিনতে হচ্ছে স্বর্ণ ও রুপা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণ ও রুপার দাম বেড়ে যাওয়ায় নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে। সর্বশেষ সিদ্ধান্তে প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা এবং রুপার দাম বেড়েছে ১১৭ টাকা।

নতুন নির্ধারিত দরে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

এর আগে গত ২৩ মে স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের ভরি ছিল ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছিল ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকায়।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ৩২ বার। অন্যদিকে ২০২৫ সালে স্বর্ণের দর পুনর্নির্ধারণ করা হয়েছিল মোট ৯৩ বার। সে বছরে ৬৪ দফা দাম বাড়লেও কমেছিল ২৯ বার।

স্বর্ণের পাশাপাশি রুপার বাজারেও এসেছে নতুন মূল্যতালিকা। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকায়। ২১ ক্যারেটের রুপার ভরি ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৫৫৮ টাকায়।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৪০ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২২ বার দাম বেড়েছে এবং ১৮ বার কমেছে। আর ২০২৫ সালে রুপার দর পুনর্নির্ধারণ হয়েছিল ১৩ বার, যার মধ্যে ১০ বারই দাম বেড়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *