মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ বুধবার (২৭ মে) ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন আরব দেশে মুসলমানরা দিনটি পালন করছেন ঈদের জামাত, পশু কোরবানি এবং আত্মত্যাগের মহান শিক্ষাকে স্মরণ করার মধ্য দিয়ে।
ইসলামের ইতিহাসে ঈদুল আজহার তাৎপর্য অত্যন্ত গভীর। মহান আল্লাহর আদেশ পালনে হজরত ইব্রাহিম (আ.) তাঁর সর্বাধিক প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করার প্রস্তুতি নিয়েছিলেন। আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্য ও আত্মত্যাগের সেই ঐতিহাসিক ঘটনাকেই স্মরণ করে মুসলিম বিশ্বে যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে ঈদুল আজহা।
এ উপলক্ষে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয়সহ নানা দেশের মুসলমানরা আগে থেকেই কোরবানির প্রস্তুতি সম্পন্ন করেছেন। নিজেদের সামর্থ্য অনুযায়ী অনেকে গরু, ছাগল কিংবা অন্যান্য হালাল পশু কিনেছেন কোরবানির জন্য। ফলে ঈদকে ঘিরে প্রবাসীদের মধ্যেও বিরাজ করছে আনন্দ ও উৎসবের আবহ।
সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আজ ভোরে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। শহরভেদে ঈদের নামাজের সময় নির্ধারণ করা হয়েছে, আবুধাবি; সকাল ৫টা ৫০ মিনিট, দুবাই; সকাল ৫টা ৪৫ মিনিট, শারজাহ; সকাল ৫টা ৪৩ মিনিট, আজমান; সকাল ৫টা ৩৯ মিনিট, ফুজাইরাহ; সকাল ৫টা ৪১ মিনিট, উম্মে আল কুইন; সকাল ৫টা ৪৩ মিনিট, রাস আল খাইমা; সকাল ৫টা ৪০ মিনিট, আল-আইন; সকাল ৫টা ৪৫ মিনিট।
ঈদকে কেন্দ্র করে মসজিদগুলোতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। একই সঙ্গে নিরাপত্তা ও জনসেবামূলক বিভিন্ন ব্যবস্থাও জোরদার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মুসল্লিরা নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কোরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এবং পরিবার-পরিজন ও স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন।








