রবিবার, ১ নভেম্বর ২০২৬

সবশেষ

একই দিনে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, শোকে স্তব্ধ প্রবাসীর পরিবার

একই দিনে পরিবারের তিন সদস্যের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বরিশালের মেহেন্দিগঞ্জের একটি পরিবারে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাত মাস বয়সী শিশুসন্তান আদরের মৃত্যু হয়েছে ঢাকার একটি হাসপাতালে। সন্তানের মৃত্যুর খবর পাওয়ার পর দুবাইয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তার বাবা মো. আরিয়ান (৩৫)। একই দিনে মারা গেছেন শিশুটির মায়ের দাদিও।

শনিবার (৩১ অক্টোবর) ঘটে যাওয়া একের পর এক মৃত্যুর ঘটনায় পরিবারটির স্বজনদের মধ্যে চলছে শোক ও আহাজারি।

নিহত আরিয়ান দুবাইপ্রবাসী ছিলেন। তার বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের আশা গ্রামে।

স্বজনদের বরাতে জানা গেছে, আরিয়ানের সাত মাস বয়সী ছেলে আদর ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। সন্তানের মৃত্যুর খবর প্রবাসে থাকা বাবার কাছে পৌঁছালে তিনি ভেঙে পড়েন। পরে একই দিন বিকেলে দুবাইয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

এদিকে, শনিবারই মারা যান শিশুটির মায়ের দাদি। একই দিনে পরিবারের তিন সদস্যকে হারিয়ে স্বজনরা এখন শোক সামলাতে পারছেন না।

এ ঘটনায় শুধু পরিবার নয়, শোকাহত হয়ে পড়েছেন গ্রামের প্রতিবেশীরাও। একদিনে এমন মর্মান্তিক পরিস্থিতি মেনে নিতে পারছেন না কেউ।

স্থানীয় প্রতিবেশী মো. কবির মাঝি বলেন, ‘সাজানো একটি পরিবার এক দিনের মধ্যে এলোমেলো হয়ে গেল। এমন মৃত্যু মেনে নেওয়া যায় না।’

শিশুটির নানা মো. জসিম হাজারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘একই দিনে তিনটি শোক আমাকে স্তব্ধ করে দিয়েছে।’

একই দিনে তিনটি মৃত্যুর ঘটনায় পুরো পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *