রবিবার, ৩১ মে ২০২৬

সবশেষ

সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব জেলায়

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের তিন জেলার ওপর দিয়ে আজ সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

রোববার (৩১ মে) সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য উল্লেখ করা হয়।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বার্তায় বলা হয়েছে, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ী ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

সতর্কবার্তায় আরও বলা হয়, ঝোড়ো হাওয়ার পাশাপাশি আকাশে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে এবং বিভিন্ন স্থানে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে এসব অঞ্চলের নদীপথে চলাচলকারী নৌযান ও সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস।

অন্যদিকে, দেশের সার্বিক আবহাওয়া পরিস্থিতি নিয়ে দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

এ সময় কোথাও কোথাও দমকা বা ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি আকাশে বিদ্যুৎ চমকানো এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় তুলনামূলক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ।

এ ছাড়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অধিকাংশ অঞ্চলে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পেতে পারে। ফলে বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরমের অনুভূতি পুরোপুরি কমার সম্ভাবনা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *