বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য নতুন প্রণোদনা ঘোষণা করেছে সরকার। বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষায় দক্ষ শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার সুযোগ বাড়াতে আগামী অর্থবছরের বাজেটে বিশেষ ঋণ সুবিধার প্রস্তাব রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে শিক্ষা খাতের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। বাজেট বক্তৃতায় জানানো হয়, আন্তর্জাতিক কর্মবাজার ও উচ্চশিক্ষার চাহিদা বিবেচনায় জাপানিজ, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফ্রেঞ্চ ও জার্মান ভাষা শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে।
এ লক্ষ্যে তৃতীয় ভাষায় দক্ষ শিক্ষার্থীদের মধ্য থেকে যারা সংশ্লিষ্ট দেশে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী, তাদের সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সহায়তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
শিক্ষাখাতে অন্তর্ভুক্তিমূলক সুযোগ সম্প্রসারণেও বেশ কয়েকটি উদ্যোগের কথা জানানো হয়েছে। এর মধ্যে মেয়েদের জন্য বিনামূল্যে স্নাতক পর্যায় পর্যন্ত শিক্ষার সুযোগ বাড়ানো, দরিদ্র শিক্ষার্থীদের স্কুল ইউনিফর্ম, জুতা ও ব্যাগ সরবরাহ এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য উপযোগী শিক্ষা পরিবেশ নিশ্চিত করার পদক্ষেপ রয়েছে। পাশাপাশি তাদের জন্য বিশেষ সহায়ক প্রযুক্তি ও শিক্ষাসামগ্রী প্রদানের ব্যবস্থাও করা হবে।
শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পেয়েছে বাজেটে। এ জন্য মিড-ডে মিল কর্মসূচি চালু করে ধাপে ধাপে সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে ছাত্রী ও শিক্ষিকাদের স্যানিটেশন, হাইজিন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগও থাকবে।
আগামী অর্থবছরে শিক্ষা খাতের জন্য ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তুলনামূলকভাবে গত অর্থবছরে এই খাতে বরাদ্দ ছিল ৮৭ হাজার ২০৬ কোটি টাকা। ফলে শিক্ষা খাতে বরাদ্দ প্রায় ৫০ হাজার কোটি টাকা বৃদ্ধি পাচ্ছে, যা খাতটির সম্প্রসারণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।








