রবিবার, ২৮ জুন ২০২৬

সবশেষ

চার মাস পর রফতানি শুরু, এর মধ্যেই আরামকোর হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ গেল ১৪ জনের

সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার দেশটির পূর্বাঞ্চলের রাস তানুরা এলাকায় রোববার (২৮ জুন) বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালীর পশ্চিমে অবস্থিত রাস তানুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, প্রায় চার মাস বন্ধ থাকার পর গত শুক্রবার থেকেই রাস তানুরা টার্মিনাল থেকে আবারও অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) রফতানি কার্যক্রম পুনরায় শুরু করেছিল আরামকো। এর অল্প সময়ের মধ্যেই এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটল।

এদিকে, সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করেছে।

তবে হেলিকপ্টারটি কেন বিধ্বস্ত হয়েছে, নিহতদের পরিচয় কিংবা দুর্ঘটনার অন্যান্য বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তদন্ত শেষ হলে এ বিষয়ে আরও তথ্য জানানো হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *