দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সংসদ সদস্যদের সরাসরি ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে প্রকাশ্যে ব্যালট গণনা করা হয়। গণনা শেষে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন।
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল পান ২৫৫ ভোট। অন্যদিকে অলি আহমদের প্রাপ্ত ভোট ৮৮টি।
ফল ঘোষণার সময় সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে ৩৪৩টি ভোট বৈধ হিসেবে গণ্য হয়েছে এবং ৬টি ব্যালট অব্যবহৃত ছিল। ভোটগ্রহণের সময় বিভিন্ন ত্রুটির কারণে আইন অনুযায়ী চারটি ব্যালট রিপ্লেস করা হয়।
ভোটের ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান লাল গোলাপ দিয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানান। পরে বিরোধীদলীয় নেতাসহ সংসদের অন্যান্য সদস্যরা পর্যায়ক্রমে তাকে অভিনন্দন জানান।
নির্বাচনের ভোটগ্রহণে সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালটে পছন্দের প্রার্থীকে ভোট দেন। সংসদ সদস্যদের মধ্যে প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্য সদস্যরা ভোট দেন।
ফলাফল অনুযায়ী, ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পান ৮৮ ভোট।








