ছুটি কাটাতে দেশে এসে সংযুক্ত আরব আমিরাতের ভিসা বাতিল হওয়ায় কর্মস্থলে ফিরতে পারছেন না প্রায় ৬ হাজার ৬০০ বাংলাদেশি প্রবাসী। চাকরি হারানোর শঙ্কা ও আর্থিক অনিশ্চয়তার মধ্যে দ্রুত সমাধানের দাবিতে রাজধানীতে অবস্থান ও মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
বুধবার (৭ অক্টোবর) সকাল থেকে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের সামনে জড়ো হন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রবাসীরা। হাতে ছিল প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার। ভিসা জটিলতার সমাধান এবং দ্রুত কর্মস্থলে ফেরার সুযোগ করে দেওয়ার দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।
ভুক্তভোগী প্রবাসীদের ভাষ্য, ছুটি শেষে সংযুক্ত আরব আমিরাতে নিজেদের কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু দেশে থাকার সময় ভিসা বাতিল হয়ে যাওয়ায় আর কর্মস্থলে ফিরতে পারছেন না। ফলে অনেকের চাকরি হারানোর পাশাপাশি পরিবার নিয়ে বড় ধরনের আর্থিক সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।
তিন দাবিতে কর্মসূচি
ভিসা বাতিলের শিকার প্রবাসীরা সরকারের কাছে তিনটি দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো, দ্রুত তাদের কর্মস্থলে ফেরার ব্যবস্থা করা, ভিসা জটিলতার স্থায়ী সমাধান করা এবং ক্ষতিগ্রস্ত প্রবাসীদের স্বার্থে কার্যকর উদ্যোগ নেওয়া।
তাদের দাবি, দীর্ঘদিন ধরে ভিসা জটিলতার কারণে তারা দেশে আটকে আছেন। দ্রুত সমস্যার সমাধান না হলে তাদের চাকরি ও আয় দুটোই ঝুঁকিতে পড়বে।
জুন থেকে কয়েক দফায় ভিসা বাতিল
প্রবাসীদের অভিযোগ, গত জুন থেকে কয়েক দফায় সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি শ্রমিক ও কর্মীরা ছুটিতে দেশে ফেরার পর ভিসা বাতিলের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।
ভিসা বাতিলের কারণ জানতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস এবং সংশ্লিষ্ট প্রবাসী কল্যাণ কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন বলেও জানান তারা। তবে তাদের অভিযোগ, এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান পাননি।
ভুক্তভোগীরা বলছেন, তারা দেশে স্থায়ীভাবে ফেরেননি; ছুটি শেষে আগের কর্মস্থলে ফিরে যাওয়ার প্রস্তুতিই ছিল তাদের। তাই দ্রুত উদ্যোগ নিয়ে তাদের কর্মস্থলে ফেরার ব্যবস্থা করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ভিসা জটিলতার পুনরাবৃত্তি বন্ধে স্থায়ী সমাধান চান তারা।








