সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের দুই প্রবাসী আব্দুল করিম ও খালিদ আহমদের মরদেহ দেশে আনা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০৬ ফ্লাইটে তাদের মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বিমানবন্দরে পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে তাঁদের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) তাজউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে প্রাথমিকভাবে নিহত দুই প্রবাসীর পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে প্রত্যেক পরিবার আরও ৩ লাখ টাকা করে অনুদান পাবেন।
নিহত আব্দুল করিম ও খালিদ আহমদ সিলেটের কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকার লামার তালুক গ্রামের বাসিন্দা।
গত ৭ সেপ্টেম্বর সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরের উদ্দেশে যাওয়ার পথে আল-খুরমা এলাকায় তাদের বহনকারী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারায়। এ দুর্ঘটনায় গাড়ির চালকসহ চার বাংলাদেশি নিহত হন।
দুর্ঘটনার প্রায় এক মাস পর বৃহস্পতিবার দেশে পৌঁছাল সিলেটের দুই প্রবাসীর মরদেহ। আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হলে অ্যাম্বুলেন্সে করে সেগুলো তাদের গ্রামের বাড়ির উদ্দেশে পাঠানো হয়।








