যুক্তরাষ্ট্রের ভিসা পেতে আবেদনপত্রে সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত তথ্য দেওয়া বাধ্যতামূলক জানিয়ে সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এসব তথ্য না দিলে আবেদন প্রত্যাখ্যান হওয়ার পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকি রয়েছে।
মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কতা জানানো হয়েছে।
দূতাবাস বলেছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ভিসা আবেদনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য যথাযথভাবে প্রদান করতে হবে। তথ্য না দিলে সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা আবেদন বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অযোগ্যও হতে পারেন।
দূতাবাসের পোস্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণের স্বার্থে: আপনার ভিসা আবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য প্রদান না করলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অযোগ্য হতে পারেন।
তাই যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ভিসা আবেদনকারীদের আবেদনপত্র পূরণের সময় সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য দেওয়ার বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।








