মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

সবশেষ

সুনামগঞ্জে প্রবাসীর স্ত্রী হত্যা: ফার্মেসি মালিকের মৃত্যুদণ্ড

সুনামগঞ্জের জগন্নাথপুরে সৌদিপ্রবাসীর স্ত্রী শাহনাজ পারভিন জোছনাকে ধর্ষণ ও হত্যার দায়ে ফার্মেসি মালিক জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মরদেহ গুমের চেষ্টার ঘটনায় তাকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় দেন। মামলার বাদীপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম শেফু বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডিত জিতেশ চন্দ্র গোপ কিশোরগঞ্জের ইটনা উপজেলার যাদব চন্দ্র গোপ ও অনিতা রানি গোপের ছেলে।

টাকার লোভে ধর্ষণ, পরে হত্যা
মামলার বিবরণ অনুযায়ী, নিহত শাহনাজ পারভিন জোছনা জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের সৌদিপ্রবাসী ছুরুক মিয়ার স্ত্রী। তিনি পরিবারের সদস্যদের নিয়ে জগন্নাথপুর পৌর শহরের পৌর ভবনের পেছনের একটি কলোনিতে বসবাস করতেন। ওষুধ কেনার জন্য তিনি প্রায়ই পৌর শহরের অভি ফার্মেসিতে যেতেন।

ঘটনার দিন স্বামীর পাঠানো টাকা নিয়ে ওষুধ কিনতে ওই ফার্মেসিতে যান জোছনা। এ সময় ফার্মেসির মালিক জিতেশ চন্দ্র গোপ তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করেন। পরে তাকে ধর্ষণ করেন।

মামলার বিবরণে আরও বলা হয়, জ্ঞান ফেরার পর জোছনা অভিযুক্তকে দেখে নেওয়ার হুমকি দেন। এতে ক্ষুব্ধ হয়ে জিতেশ তাকে হত্যা করেন। এরপর বসতঘরে তালা দিয়ে পালিয়ে যাওয়ার আগে মরদেহের দুই হাত, দুই পা ও মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করেন। পরে সেগুলো আলাদা ব্যাগে ভরে পৌর শহরের একটি ডোবায় ফেলে দেন। এ ঘটনায় মামলা হলে পুলিশ ঢাকায় অভিযান চালিয়ে জিতেশকে গ্রেপ্তার করে।

মরদেহ গুমের চেষ্টায় আরও সাত বছরের সাজা
রায়ের বিষয়ে আইনজীবী নজরুল ইসলাম শেফু বলেন, অর্থের লোভে জোছনাকে চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণের পর হত্যা করেন আসামি। প্রায় সাড়ে চার বছর পর মামলার রায় ঘোষণা করেছেন আদালত।

তিনি জানান, ধর্ষণ ও হত্যার দায়ে জিতেশকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া হত্যার পর মরদেহ গুমের চেষ্টার ঘটনায় তাকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

নজরুল ইসলাম শেফু বলেন, ঘটনাটি সুনামগঞ্জের আলোচিত হত্যাকাণ্ডগুলোর একটি। ধর্ষণের পর ভুক্তভোগীর মরদেহ ছয় টুকরা করে গুমের চেষ্টা করেছিলেন আসামি। আদালতের রায়ে তারা সন্তুষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *