বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সবশেষ

২০ বছর পর দেশে ফিরে, পরিবার খুঁজছেন এক জার্মানপ্রবাসী

জীবিকার তাগিদে দীর্ঘ প্রায় দুই দশক জার্মানিতে কাটিয়ে দেশে ফিরেছেন প্রবাসী জাকির হোসেন। কিন্তু দেশে ফেরার পরও তার অপেক্ষার অবসান হয়নি। দীর্ঘদিন পরিবারের সঙ্গে যোগাযোগ না থাকায় এখন নিজের স্বজনদের খুঁজে পাচ্ছেন না তিনি। চলতি মাসের ৮ তারিখ সকালে জার্মানি থেকে ঢাকায় ফেরত পাঠানো হয় তাকে। এরপর থেকে তিনি ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে রয়েছেন।

ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার ধারণা করছে, জাকিরের বাড়ি সিলেট অঞ্চলে। তার কথায়, সুনামগঞ্জের ছাতক উপজেলার মোল্লাপাড়াও তার ঠিকানা হতে পারে। তবে তার বাড়ির সঠিক ঠিকানা এবং পরিবারের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জাকিরের ভাষ্য অনুযায়ী, ১৯৯৯ সালে বাংলাদেশ ছেড়ে বিদেশে পাড়ি জমান তিনি। বিভিন্ন পথ ঘুরে একপর্যায়ে জার্মানিতে পৌঁছান। সেখানে প্রায় ২০ বছর অবস্থান করেন। পরে একটি দুর্ঘটনায় প্রতিবন্ধী হয়ে পড়েন তিনি। বর্তমানে হুইলচেয়ার ছাড়া চলাচল করতে পারেন না।

দীর্ঘ সময় ধরে পরিবারের কারও সঙ্গে তার যোগাযোগ নেই। দেশে ফেরার পর স্বজনদের কাছে পৌঁছানোর মতো কোনো ফোন নম্বরও তার কাছে পাওয়া যায়নি। ফলে তার বাড়ি, পরিবারের সদস্যরা কোথায় আছেন, এমনকি তাদের বর্তমান অবস্থা সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের পক্ষ থেকে গত ছয় দিন ধরে তার পরিবারের সন্ধান করার চেষ্টা চলছে। কিন্তু এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। জাকিরের দেওয়া সব তথ্যও যাচাই করা সম্ভব হয়নি। ফলে তার পরিচয় ও পারিবারিক ঠিকানা নিশ্চিত করতে স্থানীয় মানুষের সহযোগিতা প্রয়োজন।

এ অবস্থায় জাকির হোসেনের স্বজনদের খুঁজে পেতে বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জের মানুষের সহায়তা চাওয়া হয়েছে। কেউ তাকে চিনে থাকলে, তার পরিবারের সন্ধান জানলে কিংবা তার বাড়ির ঠিকানা সম্পর্কে তথ্য দিতে পারলে ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: ০১৯৬৪-৯৬৪২৯২ (ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার)।

দীর্ঘদিন পর দেশে ফিরেও পরিবারের কাছে পৌঁছাতে পারেননি জাকির। তার স্বজনদের সন্ধান পাওয়া গেলে নিজের মানুষের কাছে ফেরার পথ খুলতে পারে এই প্রবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *