দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ বাড়ির দরজার সামনে থেকে রফিকুল ইসলাম তালুকদার (৫০) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রামের কাশিবাড়ি কাচারি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে কে বা কারা, কী কারণে তাকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
নিহত রফিকুল ইসলাম ওই এলাকার সাইফুদ্দিন তালুকদারের ছেলে। তিনি দীর্ঘ নয় বছর মালয়েশিয়ায় প্রবাসজীবন কাটানোর পর প্রায় দেড় বছর আগে দেশে ফিরে আসেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় রফিকুলের। এরপর থেকে নিজ বাড়িতে একাই বসবাস করতেন তিনি। তার দুই মেয়ে মায়ের সঙ্গে নানাবাড়িতে থাকত।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শনিবার রাতে বড় ভাইয়ের বাড়িতে খাবার খেতে যাওয়ার কথা ছিল রফিকুলের। কিন্তু নির্ধারিত সময়ে তিনি না পৌঁছানোয় স্বজনরা কয়েকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কোনো সাড়া না পেয়ে তার খোঁজ নিতে নিজ বাড়িতে যান বড় ভাই সাইদুল ইসলাম।
সেখানে গিয়ে বাড়ির প্রবেশদ্বারের সামনে রফিকুলের নিথর দেহ পড়ে থাকতে দেখেন তিনি। এ সময় তার চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে আসেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে তাকে হত্যা করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। হত্যাকাণ্ডের পেছনের রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।








