বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় প্রতারণা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এসব চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার মতে, অতীতে সিন্ডিকেটের অপতৎপরতার কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে কর্মী নেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল। কোনো কোনো দেশ নিয়োগ কার্যক্রম স্থগিত কিংবা সীমিত করেছিল।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের এক সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, অতীতে বিদেশে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার কথা বলে একটি চক্র সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে। পলাতক স্বৈরাচারের আমলে সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ধরনের প্রতারণার মাধ্যমে দেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করেছেন। এর নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের শ্রমবাজারেও। কয়েকটি দেশ বাংলাদেশ থেকে কর্মী নেওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল, আবার কোথাও কর্মী নিয়োগ কমিয়ে দেওয়া হয়েছিল।
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আশার কথা জানিয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক কর্মী দেশটিতে কাজ করতে গেছেন। সম্প্রতি প্রবাসী শ্রমবিষয়ক মন্ত্রী জানিয়েছেন, মালয়েশিয়ার সঙ্গে আলোচনা করে এ সংক্রান্ত সমস্যার সফল সমাধান করা সম্ভব হয়েছে।
তিনি জানান, সামান্য কিছু খরচে প্রায় বিনা ব্যয়ে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ তালিকায় গুম-খুনের শিকার পরিবার এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের প্রায় এক হাজার সদস্যকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
শুধু মালয়েশিয়া নয়, মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সম্প্রসারণেও সরকার কাজ করছে বলে সংসদকে জানান প্রধানমন্ত্রী। এ বিষয়ে কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে। ইতোমধ্যে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে নতুন করে কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এসব ক্ষেত্রে গাড়িচালকসহ বিভিন্ন পেশার কর্মীদের নিয়োগের সম্ভাবনা রয়েছে।
বিদেশে কর্মী পাঠানোর নামে যারা প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছে, তাদের বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরে তারেক রহমান বলেন, সংশ্লিষ্ট সিন্ডিকেটগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকারি প্রণোদনা দেওয়ার প্রস্তাবের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সংসদ সদস্য একটি আর্থিক প্রণোদনার কথা বলেছেন। তবে এ অর্থের উৎস কী হবে, সেটি স্পষ্ট নয়। প্রস্তাবটির বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া গেলে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে।
এর আগে, সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য কামরুল হাসান বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দালালচক্রের প্রতারণার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, অনেক মানুষ বিদেশে যাওয়ার স্বপ্ন নিয়ে প্রতারিত হচ্ছেন। কেউ কেউ ১০ থেকে ১৫ লাখ টাকা ব্যয় করেও ভুয়া ভিসা নিয়ে বিদেশে যাচ্ছেন। এমনকি এসব প্রতারণার শিকার হয়ে অনেকের নিখোঁজ হওয়ার ঘটনাও ঘটছে।
এই পরিস্থিতি মোকাবিলায় বিদেশে কোন দেশ কতজন কর্মী নেবে এবং সেখানে যেতে একজন কর্মীর মোট ব্যয় কত হবে, তা সরকারিভাবে প্রকাশের প্রস্তাব দেন তিনি। তাঁর মতে, নিয়োগ ও অভিবাসন ব্যয়ের বিষয়ে সরকার সরাসরি তদারকি করলে সাধারণ মানুষ দালালদের প্রতারণা থেকে অনেকটাই সুরক্ষা পাবে।
সংসদ সদস্য আরও বলেন, বিদেশে যাওয়ার খরচ সরকার নির্ধারণ করে দিলে এবং প্রয়োজনে আর্থিক সহায়তা বা প্রণোদনা দেওয়া হলে নিম্ন আয়ের মানুষের জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। বর্তমানে অনেককে জমি বিক্রি কিংবা ঋণ করে অতিরিক্ত অর্থ জোগাড় করতে হচ্ছে। সরকারি উদ্যোগ থাকলে একজন রিকশাচালকের সন্তানও আড়াই লাখ থেকে দুই লাখ টাকার মধ্যে বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন বলে উল্লেখ করেন তিনি। এ বিষয়ে সরকারের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন সংসদ সদস্য।








