যুক্তরাজ্যে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আবেদন করেও সাক্ষাৎকারের ধাপ পেরোতে পারছেন না বিপুলসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী। আবেদনকারীর বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের জন্য সাক্ষাৎকার নেওয়ার পর প্রায় ৭৯ শতাংশ বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা প্রত্যাখ্যান করছে দেশটির কর্তৃপক্ষ। একই সঙ্গে যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার আবেদনের সংখ্যার দিক থেকেও বাংলাদেশ রয়েছে শীর্ষ তিন দেশের তালিকায়।
সম্প্রতি প্রকাশিত যুক্তরাজ্যের ভিসা ও অভিবাসন বিভাগ (ইউকেভিআই)-এর একটি গবেষণা ও খাতভিত্তিক ব্রিফিং প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি হাতে পেয়েছে শিক্ষা ও আন্তর্জাতিক শিক্ষার্থীসংক্রান্ত সংবাদমাধ্যম দ্য পিআইই নিউজ। এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে অনলাইন সংবাদমাধ্যমটি।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মে থেকে অক্টোবর পর্যন্ত যুক্তরাজ্যে পড়াশোনার উদ্দেশ্যে আবেদন করা ১১ হাজার ৪১৫ জন সম্ভাব্য শিক্ষার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়। এর মধ্যে ৯ হাজার ৪৩ জনকে বিশ্বাসযোগ্য আবেদনকারী হিসেবে বিবেচনা করেননি ইউকেভিআই কর্মকর্তারা। অর্থাৎ সাক্ষাৎকারে অংশ নেওয়া মোট শিক্ষার্থীর প্রায় ৭৯ শতাংশের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।
বাংলাদেশের আবেদনকারীদের ক্ষেত্রে এই প্রত্যাখ্যানের হার ৭৯ শতাংশ। ফলে যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য আবেদনকারীদের একটি বড় অংশের সামনে বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের সাক্ষাৎকারই বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।
কোন দেশের শিক্ষার্থীদের ভিসা বেশি প্রত্যাখ্যান হচ্ছে?
ইউকেভিআইয়ের পরিসংখ্যানে সাক্ষাৎকারের পর ভিসা প্রত্যাখ্যানের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে নেপাল, ভারত, নাইজেরিয়া ও বাংলাদেশ।
দেশভিত্তিক প্রত্যাখ্যানের হার হলো,
নেপাল: ৯২ শতাংশ।
ভারত: ৮৯ শতাংশ।
নাইজেরিয়া: ৮৪ শতাংশ।
বাংলাদেশ: ৭৯ শতাংশ।
শ্রীলঙ্কা: ৭৯ শতাংশ।
পাকিস্তান: ৭৩ শতাংশ।
তবে ইউকেভিআই সতর্ক করে জানিয়েছে, এসব পরিসংখ্যান মাত্র ছয় মাসের তথ্যের ভিত্তিতে তৈরি। তাই একে পুরো বছরের ভিসা পরিস্থিতির চূড়ান্ত চিত্র হিসেবে বিবেচনা করা উচিত নয়।
নাইজেরিয়ার শিক্ষার্থীদের সাক্ষাৎকার বেড়েছে তিন গুণ
প্রতিবেদনে কয়েকটি দেশের শিক্ষার্থীদের সাক্ষাৎকারে ডাকার প্রবণতা বৃদ্ধির বিষয়টিও উঠে এসেছে। বিশেষ করে নাইজেরিয়ার আবেদনকারীদের ক্ষেত্রে এই পরিবর্তন উল্লেখযোগ্য।
২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে নাইজেরিয়ার যেসব শিক্ষার্থীকে সাক্ষাৎকারে ডাকা হয়েছে, তাদের অনুপাত ৭ শতাংশ থেকে বেড়ে ২১ শতাংশে দাঁড়িয়েছে।
ইউকেভিআইয়ের ভাষ্য, ভিসা আবেদনের পরিবর্তিত প্রবণতা এবং সংশ্লিষ্ট দেশগুলো থেকে আসা আবেদনের ঝুঁকি সম্পর্কে কর্তৃপক্ষের মূল্যায়নের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। নাইজেরিয়া থেকে বাড়তি যাচাই-বাছাই প্রয়োজন এমন আবেদনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সাক্ষাৎকারের পরিমাণও বেড়েছে।
কেন প্রত্যাখ্যান হচ্ছে শিক্ষার্থীদের ভিসা?
ইউকেভিআইয়ের ব্রিফিং প্রতিবেদনে ভিসা প্রত্যাখ্যানের কয়েকটি সাধারণ কারণ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো, আবেদনকারীর পছন্দের বিশ্ববিদ্যালয় সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকা।
কেন যুক্তরাজ্যে পড়তে চান, নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়টি কেন বেছে নিয়েছেন এবং নির্বাচিত শিক্ষাক্রম ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনার সঙ্গে কীভাবে সম্পর্কিত, এসব প্রশ্নের সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে আবেদনকারীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন কর্মকর্তারা।
এ ছাড়া যে বিষয়ে পড়তে চান, সেই শিক্ষাক্রম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকা, ইংরেজিতে দক্ষতার ঘাটতি এবং পড়াশোনার ব্যয় বহনের জন্য দেখানো অর্থের উৎস ও বিশ্বাসযোগ্যতা নিয়েও যাচাই করা হচ্ছে।
এর আগে দ্য পিআইই কিছু ভিসা প্রত্যাখ্যানের অস্বাভাবিক কারণও প্রকাশ করেছিল। সেসব ঘটনার মধ্যে ছিল, আবেদনকারী তার পছন্দের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কতটি গাছ রয়েছে, তা বলতে না পারা। এমনকি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি বাসস্টপের অবস্থান জানাতে না পারার কারণেও কোনো কোনো শিক্ষার্থীর আবেদন প্রত্যাখ্যানের ঘটনা সামনে এসেছিল।
শিক্ষার্থীর সংখ্যা কমানো নয়, প্রকৃত আবেদনকারী শনাক্ত করাই লক্ষ্য: ব্রিটিশ কর্মকর্তা
এদিকে আন্তর্জাতিক শিক্ষার্থী নিয়োগসংক্রান্ত কঠোর যাচাই-বাছাই নিয়ে যুক্তরাজ্য সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়ার্ক, স্টাডি, ফ্যামিলি অ্যান্ড ইউক্রেন সার্ভিসেস বিভাগের প্রধান অলিভার রে।
চলতি সপ্তাহের শুরুতে ইউনিভার্সিটিজ ইউকে ইন্টারন্যাশনালের (ইউইউকেআই) আন্তর্জাতিক শিক্ষার্থী নিয়োগ সম্মেলনে তিনি বলেন, আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা নিয়ন্ত্রণ করাই সরকারের যাচাই-বাছাইয়ের উদ্দেশ্য নয়।
তার বক্তব্য অনুযায়ী, যুক্তরাজ্যে শিক্ষার্থীর সংখ্যা নির্দিষ্ট কোনো সীমার মধ্যে আটকে রাখার নীতিগত বিধিনিষেধ নেই। তবে যারা প্রকৃত অর্থেই পড়াশোনার উদ্দেশ্যে দেশটিতে আসতে চান, তাদের শনাক্ত করাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
অলিভার রে স্বীকার করেন, কর্তৃপক্ষ সব সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তবে বছরওয়ারি হিসাবে শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়ার সংখ্যা কমেছে বলেও জানান তিনি।
তার মতে, বিভিন্ন দেশের শিক্ষার্থী ভিসা আবেদনের ধরন সম্পর্কে কর্মকর্তাদের ধারণা আগের চেয়ে উন্নত হয়েছে। ফলে এখন সব আবেদনকারীকে একইভাবে বিবেচনা না করে নির্দিষ্ট ঝুঁকি ও পরিস্থিতি অনুযায়ী যাচাই করা হচ্ছে।
আশ্রয় আবেদনে বাংলাদেশের অবস্থান তৃতীয়
শিক্ষার্থী ভিসা নিয়ে যুক্তরাজ্যে যাওয়ার পর আশ্রয় প্রার্থনার বিষয়টিও দেশটির অভিবাসন নীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ইউকেভিআইয়ের ব্রিফিং প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে আশ্রয়ের আবেদন করার প্রবণতায় পাকিস্তানের নাগরিকরা শীর্ষে রয়েছেন। এরপর রয়েছে ভারত, বাংলাদেশ ও নাইজেরিয়া।
যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী পাঠানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের নাগরিকদের আশ্রয় আবেদনের হার নিয়ে দ্য পিআইই আলাদা বিশ্লেষণও প্রকাশ করেছে।
এই উদ্বেগের কারণে এর আগে আফগানিস্তান, ক্যামেরুন, সুদান ও মিয়ানমারের নাগরিকদের শিক্ষার্থী ভিসা প্রদানের ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ আরোপ করেছিল ব্রিটিশ সরকার। ওই দেশগুলো থেকে আসা আবেদন এবং পরবর্তী সময়ে আশ্রয় চাওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়।
সব মিলিয়ে যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য আবেদনকারীদের ক্ষেত্রে এখন শুধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া বা প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়াই যথেষ্ট নয়। আবেদনকারীর পড়াশোনার উদ্দেশ্য, বিশ্ববিদ্যালয় ও শিক্ষাক্রম সম্পর্কে জ্ঞান, ইংরেজি দক্ষতা এবং আর্থিক সক্ষমতার বিশ্বাসযোগ্য ব্যাখ্যাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্যও এই যাচাই-বাছাইয়ের ধাপটি এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।








