বুধবার, ১৮ মার্চ ২০২৬

১২ ফেব্রুয়ারির নির্বাচনেই নির্ধারিত হবে ভবিষ্যৎ ভোটের মান: প্রধান উপদেষ্টা

২২ জানুয়ারি, ২০২৬ ( বৃহস্পতিবার ) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ সকল নির্বাচনের জন্য একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড স্থাপন করবে।

বৃহস্পতিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন-এর সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে আসন্ন সাধারণ নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকারের অনুমোদিত নতুন শ্রম আইন, বাংলাদেশ–মার্কিন শুল্ক চুক্তি, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, সরকার অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন বিপুল সংখ্যক নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন করবে এবং অন্যান্য উন্নয়ন অংশীদারদের কাছ থেকেও পর্যবেক্ষক পাঠানোর প্রত্যাশা করা হচ্ছে।

তিনি বলেন, “এটি একটি উৎসবমুখর নির্বাচন হবে। এটি ভবিষ্যতে ভালো নির্বাচনের জন্য মানদণ্ড স্থাপন করবে। আসুন আমরা সকলে মিলে কাজ করি।”

এর জবাবে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে যেই বিজয়ী হোক না কেন, তার সঙ্গে কাজ করতে তিনি আগ্রহী। তিনি গত ১৮ মাসে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমের প্রশংসা করেন এবং নতুন শ্রম আইনকেও স্বাগত জানান।

বৈঠকে বাংলাদেশসহ ৭৫টি দেশের ওপর সাম্প্রতিক মার্কিন ভিসা নিষেধাজ্ঞা নিয়েও আলোচনা হয়।
সভায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *