শেরপুরে সংঘটিত সাম্প্রতিক (২৮ জানুয়ারি, ২০২৬) সহিংসতায় জামায়াতে ইসলামীর এক রাজনৈতিক কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকার জানিয়েছে, সহিংসতায় প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও অত্যন্ত দুঃখজনক।
জাতীয় নির্বাচন আর মাত্র দুই সপ্তাহ দূরে থাকায় বিএনপি, জামায়াতে ইসলামসহ সকল রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল আচরণ এবং তাদের সমর্থকদের মধ্যে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে সরকার। বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণহানির কোনো স্থান নেই।
শেরপুরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে সরকার। পাশাপাশি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সরকার সকল রাজনৈতিক দল, নেতা ও নির্বাচনী প্রচারণায় যুক্ত ব্যক্তিদের শান্তি বজায় রাখা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং শান্তিপূর্ণ ও গঠনমূলক উপায়ে ভোটারদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, শান্ত পরিবেশ, শৃঙ্খলা ও গণতান্ত্রিক আচরণের ওপরই জাতির ভবিষ্যৎ নির্ভরশীল। একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ।








