বুধবার, ২৫ মার্চ ২০২৬

প্রবাসীদের ভোট যাচ্ছে রিটার্নিং অফিসারদের কার্যালয়ে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। ভোট প্রদান শেষে প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোট দেশে পাঠাচ্ছেন। এসব পোস্টাল ব্যালট জেলা অনুযায়ী সংগ্রহ করে ডাক বিভাগের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার(২ ফেব্রুয়ারি) পোস্টাল বিডি অ্যাপ থেকে জানা যায় ১ হাজার ৮৫৯ টি পোস্টাল ব্যালট রিটার্নিং অফিসে পাঠানো হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পোস্টাল ব্যালট গ্রহণের পর রিটার্নিং অফিসারগুলো ব্যালটগুলো সংশ্লিষ্ট জেলার সংসদীয় আসন অনুযায়ী পৃথক বাক্সে সংরক্ষণ করছেন।

এর আগে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠায় নির্বাচন কমিশন।

এর মধ্যে ৫ লাখ ২২ হাজার ২৭০ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোট প্রদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৬৪ হাজার ১৬৪ জন।

প্রবাসী ভোটারদের মধ্যে ৪ লাখ ১৮ হাজার ৮৯৫টি পূরণকৃত ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে। এরই মধ্যে ১ লাখ ৫৭ হাজার ৭৯৮ টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যেসব পোস্টাল ব্যালট পৌঁছাবে, কেবল সেগুলোই গণনায় অন্তর্ভুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *