সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

সবশেষ

এক কোটি মানুষের কর্মসংস্থান করার প্রতিশ্রুতি তারেক রহমানের

Tarique Rahman

জনগণের ভোটে দেশ পরিচালনা করার সুযোগ পেলে এক কোটি মানুষের কর্মসংস্থান করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে প্রচারের শেষে দিনে সোমবার দুপুর আড়াইটায় ঢাকা- ৮ আসনে পীরজঙ্গি মাজার সড়কে এক পথসভায় বিএনপি চেয়ারম্যান এই প্রতিশ্রুতি দেন। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী হলেন মির্জা আব্বাস।

তিনি বলেন, “এই এলাকায় (ঢাকা-৮ আসন) তরুণ-যুবকদের কর্মসংস্থানের সমস্যা আছে, এই সমস্যা শুধু ঢাকা নয়, সমগ্র বাংলাদেশে এই সমস্যা। এরজন্য আপনাদের প্রিয় দল বিএনপি এই ব্যাপারে কর্মসূচি এবং পরিকল্পনা গ্রহণ করেছে। আমরা বাংলাদেশে আগামী পাঁচ বছরে ইনশাল্লাহ এক কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব।”

অর্থনীতির উন্নয়নে পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “আমরা দেশে বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করব, বিদেশ থেকে বিনিয়োগকারীদেরকে আমরা আমন্ত্রণ জানাব, দেশে মিল কারখানা তৈরির মাধ্যমে যেমন আমরা একদিকে বেকার সমস্যার সমাধান করব।”

দক্ষ নাগরিক গড়ে তোলার পরিকল্পনায় তারেক রহমা্ন বলেন, “একইভাবে আমরা এই ঢাকা-৮ আসনসহ যত জেলা আছে, সর্বত্র ভোকেশনাল ইনস্টিটিউট, ট্রেনিং ইনস্টিটিউট টেকনোলজিক্যাল ইনস্টিটিউট এবং আইটি সংক্রান্ত বিভিন্ন ইনস্টিটিউট আমরা তৈরি করব সেখানে আমাদের তরুণ সমাজের ছেলে হোক মেয়ে হোক তাদেরকে আমরা দক্ষ নাগরিক হিসেবে ধীরে ধীরে গড়ে তুলব। যার ফলে তারা দেশেই  নিজেদের কর্মসংস্থান তৈরি করে নিবে পারবে, দেশেই তারা নিজেদের বিনিয়োগের মাধ্যমে তারা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হবে।

তিনি বলেন, “আমি আমার বক্তব্যে দলের পরিকল্পনা তুলে ধরলাম। ১২ তারিখে আপনাদের পরিকল্পনা কী আমি জানতে চাই?”

হাজারো নেতা-কর্মী-সমর্থক সমস্বরে তখন বলে ওঠে ‘ধানের শীষ, ধানের শীষ’।

বিএনপি নির্বাচিত হলে ঢাকা-৮ আসনে খেলা মাঠ নির্মাণ, কবরাস্থানের জন্য জায়গা প্রদান, জলাবদ্ধতা দূরীকরণে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তারেক রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *