ঝালকাঠির রাজাপুর উপজেলার জামায়াতে ইসলামীর অফিসে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোররাতে সাতুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আমতলা বাজারে এ ঘটনা ঘটে।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির কবির হোসেন অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রতিহিংসার জেরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে অফিসে আগুন দিতে পারে। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাই।
এ বিষয়ে ঝালকাঠি-১ আসনে জামায়াতের প্রার্থী ড. ফয়জুল হক বলেন, নির্বাচনের দুদিন বাকি, এই মুহূর্তে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই বিএনপি প্রার্থীর লোকজন এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। প্রশাসনের উচিত এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা।
অপরদিকে ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নে দাড়িপাল্লার দুই কর্মীর দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের ধারণা, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অফিসের ভেতরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে বলে জানা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








