লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরের হারেত হরেইক এলাকায় একটি ভবন লক্ষ্য করে হামলার আগে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বুধবার সকালে আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র একটি মানচিত্র প্রকাশ করে সেখানে একটি ভবন লাল চিহ্নিত করে সতর্কবার্তা দেন। তিনি দাবি করেন, ভবনটি হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট।
বার্তায় বলা হয়, আপনাদের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে এসব ভবন খালি করুন এবং মানচিত্রে দেখানো অনুযায়ী অন্তত ৩০০ মিটার দূরে অবস্থান করুন।
ঘটনাটি নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। তবে সম্ভাব্য হামলা বা এর সময়সূচি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এ ছাড়া সৌদি আরবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) স্টেশনে হামলা হয়েছে। সরাসরি একটি ড্রোন সেখানে আঘাত হানার দাবি করেছে রয়টার্সের সূত্র। তবে সিআইএ এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
রিয়াদে মার্কিন দূতাবাস কমপ্লেক্সে অবস্থিত সিআইএ স্টেশন। সোমবার সেখানেই ইরানি ড্রোন আঘাত করে।
বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র মঙ্গলবার রয়টার্সকে জানায়, ড্রোনটি বিস্ফোরিত হয়েছে। ক্ষয়ক্ষতির চিত্র নিশ্চিত হওয়া যায়নি। তবে সিআইএর স্টেশনটিই সরাসরি হামলার লক্ষ্যবস্তু ছিল কি না তা জানাতে পারেনি ওই সূত্র।
গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এর মধ্যে সৌদি আরবে সিআইএর স্টেশনে হামলার ঘটনা ঘটল। এ ছাড়া সৌদি আরবের অন্যান্য অঞ্চলেও হামলা হয়েছে।








