মধ্যপ্রাচ্যজুড়ে চলমান অস্থিরতার মধ্যে নতুন করে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। শনিবার (০৭ মার্চ) স্থানীয় সময় সকালে ইসরায়েলি সামরিক বাহিনী এ খবর জানায়।
দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা মোবাইল ফোনে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা পেয়েছেন। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিহতে কাজ করছে। পরিস্থিতিগত মূল্যায়নের পর বাসিন্দাদের এখন সুরক্ষিত স্থান ত্যাগ করার অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে ইসরাইলের চ্যানেল ১২ জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
টাইমস অব ইসরাইল বলছে, দক্ষিণ ইসরাইলে ইরানের আরও একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় জেরুজালেম ও এর আশেপাশের এলাকা ও দক্ষিণ ইসরাইলের কিছু অংশে সতর্কতা সাইরেন বেজে উঠেছে।
অপরদিকে ইরানের রাজধানী তেহরানের অন্যতম প্রধান বাণিজ্যিক মেহেরবাদ বিমানবন্দরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রত্যক্ষদর্শীদের শেয়ার করা ভিডিও ফুটেজে ইরানের ব্যস্ততম এ বিমানবন্দরে জ্বলন্ত বিমান ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
স্থানীয় সময় শুক্রবারের (৫ মার্চ) স্যাটেলাইট চিত্রে বিমানবন্দরটিতে বেশ কয়েকটি বিমানের অবস্থান দেখা গিয়েছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও বিমানবন্দরের কিছু অংশে হামলা হওয়ার খবর দিয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী ইরানে ‘নতুন দফায় ব্যাপক বিমান হামলা’ শুরু করার ঘোষণা দেয়ার পর এ ঘটনা ঘটল। এর আগে, গত ৪ মার্চ এ বিমানবন্দরে হামলা চালিয়েছিল ইসরায়েল। সে সময় তারা দাবি করেছিল, ইসরাইলি বিমান বাহিনীর জন্য হুমকি-এমন প্রতিরক্ষা ও শনাক্তকরণ ব্যবস্থা ধ্বংস করতে এ হামলা চালানো হয়েছে; যার মধ্যে বিমানবন্দরের হেলিকপ্টার তৈরির অংশটিও ছিল।
সূত্র: আল জাজিরা








