বুধবার, ১১ মার্চ ২০২৬

সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের সীতাকুণ্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সজিব নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও ৮ জন।

বুধবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোপ্তাখালী আমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম সজিব (২৫)। তিনি মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খোরমাওয়ালা গ্রামের শাহ আলমের ছেলে।

পুলিশ ও ‎স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোপ্তাখালী আমতলী এলাকায় বুধবার সকাল দশটার দিকে মুরাদপুর ইউনিয়ন পরিষদের সামনে যুবদল নেতা শাহাবুদ্দিন ও আলিমের মধ্যে বাকবিতন্ডা হয়। এরপর শাহাবুদ্দিনের লোকজন আলিমকে দোকানের সামনে এসে হামলা চালায়। পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শাহাবুদ্দিন মুরাদপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক।

আলিমের স্ত্রী তাহমিনা আক্তারের দাবি, তার স্বামী আগামীতে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করায় শাহাবুদ্দিনের লোকজন ক্ষুব্ধ হয়ে এই হামলা চালায়। হামলাকারীরা ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং আলিমকে অপহরণের চেষ্টা করে। একপর্যায়ে ভুলবশত সজিবকে আলিম ভেবে কুপিয়ে ও মারধর করে হত্যা করে তারা।‎

অন্যদিকে, শাহাবুদ্দিন এই অভিযোগ অস্বীকার করে জানান, চাল বিতরণ নিয়ে কোনো সমস্যা হয়নি। মূলত রিকশার ব্যাটারি চুরির টাকার লেনদেন নিয়ে আলিমের সঙ্গে তার বিরোধ ছিল। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করেই এই উত্তেজনার সৃষ্টি হয়।

তবে স্থানীয় বাসিন্দা আবু তৈয়ব জানান, দীর্ঘ দিন ধরে সাগর থেকে অবৈধ বালু উত্তোলন এবং ফসলি জমির মাটি কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজকের হত্যাকাণ্ডটি সেই দীর্ঘস্থায়ী বিরোধেরই জের।

‎সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুর ইসলাম বলেন, দুই গ্রুপে আধিপত্যকে কেন্দ্র করে একজন নিহত হয়েছে আহত হয়েছে আরও ৮ জন। সঠিক ঘটনা উদঘাটনের জন্য পুলিশের টিম কাজ করছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *