রবিবার, ১৫ মার্চ ২০২৬

সবশেষ

মধ্যপ্রাচ্যে যুদ্ধে জড়ালেন কেন, ট্রাম্পকে প্রশ্ন আল-হাবতুর

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে চরম বেকায়দায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ যুদ্ধ দ্রুত শেষ করতে ইসরায়েলকে ১ সপ্তাহের আলটিমেটাম দিয়েছেন তিনি।

এদিকে ইরানের মুহুর্মুহু হামলায় বিপর্যস্ত আরব দেশগুলো। বিশেষ করে উপসাগরীয় দেশগুলো ভয়ে কাঁপছে। এই অবস্থায় সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ ব্যবসায়ী খালাফ আহমদ আল-হাবতুর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেছেন- মধ্যপ্রাচ্যে যুদ্ধ জড়ালেন কেন?

ট্রাম্পের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে তিনি এই প্রশ্ন করেন। চিঠিতে তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা চিঠিতে খালাফ আল-হাবতুর তিনি প্রশ্ন তুলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের আগে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর এর সম্ভাব্য প্রভাব আদৌ বিবেচনা করা হয়েছিল কি না। তার মতে, এই সংঘাত দীর্ঘায়িত হলে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে উপসাগরীয় অঞ্চল ও সেখানকার অর্থনীতি।

আল-হাবতুর আরও বলেন, যুদ্ধের সিদ্ধান্ত প্রকৃত নেতৃত্বের পরিচয় নয়, সত্যিকারের নেতৃত্ব প্রকাশ পায় প্রজ্ঞা, সংযম, পারস্পরিক সম্মান এবং শান্তির পথে অগ্রসর হওয়ার মধ্য দিয়ে।

সাধারণত উপসাগরীয় অঞ্চলের প্রভাবশালী ব্যবসায়ী বা শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠ ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের নীতির প্রকাশ্য সমালোচনা করেন না। তাই আল-হাবতুরের এই বক্তব্যকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়ায় ইতোমধ্যে জ্বালানি সংকট তৈরি হয়েছে। যা বৈশ্বিক অর্থনীতিতে নতুন অস্থিরতার আশঙ্কা সৃষ্টি করছে। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি দ্রুত শান্ত না হলে ঝুঁকি আরও বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *