সোমবার, ৩০ মার্চ ২০২৬

সবশেষ

ইরানে আগ্রাসনের নিন্দা পরমাণু হামলা থেকে বেঁচে যাওয়া জাপানিদের

ইরান ও গাজায় আগ্রাসনের নিন্দা জানিয়েছেন জাপানে মার্কিন পারমাণবিক বোমা হামলা থেকে বেঁচে যাওয়া নাগরিকরা। তারা লিখিতভাবে এই নিন্দা জানিয়েছেন এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলি দূতাবাসে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।

তবে জাপানি দৈনিক ‘দ্য মাইনিচি’-র তথ্যমতে, টোকিওতে অবস্থিত ইসরাইলি দূতাবাস পারমাণবিক বোমা থেকে বেঁচে যাওয়া চারটি সংগঠনের যৌথ স্বাক্ষরিত সেই চিঠি গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে।

নাগাসাকি পারমাণবিক বোমা সারভাইভারস কাউন্সিলের ৮৫ বছর বয়সী প্রধান শিগেমিৎসু তানাকা বলেন, ‘নথিটি না পড়েই ফেরত পাঠানো হয়েছে। আমার মনে হয় তারা ক্রমশ সংকীর্ণমনা হয়ে উঠছে।’

চলতি মাসের শুরুর দিকে পাঠানো এই চিঠিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছিল এবং এই হামলাগুলোকে ‘বর্বর’ বলে নিন্দা করা হয়েছিল।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথ হামলা শুরু করার পর থেকে পুরো অঞ্চল সতর্ক অবস্থায় রয়েছে; এতে তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ এ পর্যন্ত দেড় সহস্রাধিক মানুষ নিহত হয়েছেন।

তেহরান এর জবাবে ইসরাইলের পাশাপাশি জর্ডান, ইরাক এবং মার্কিন সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ও হতাহতের পাশাপাশি বিশ্ববাজার, এমনকি বিমান চলাচলে বিঘ্ন ঘটিয়েছে।

রোববার (২৯ মার্চ) টোকিওতে জাপানি বিক্ষোভকারীরা ইরান ও গাজার ওপর মার্কিন-ইসরাইলি যুদ্ধের প্রতিবাদে ‘ড্রপ বাস নট বোম্বস’ শীর্ষক এক সমাবেশে অংশ নেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আয়োজক ‘প্রোটেস্ট র‍্যাভ’-এর পোস্ট করা ভিডিও এবং ছবিতে দেখা গেছে, বিক্ষোভকারীরা ‘চাইলেই যুদ্ধ শেষ,’ ‘যুদ্ধ নয়,’ এবং ‘বর্ণবাদ নয়’ লেখা প্ল্যাকার্ড ও পতাকা হাতে নিয়ে প্রতিবাদ করছেন।

পৃথকভাবে, জাপানে নিযুক্ত ইরানের দূতাবাস রোববার (২৯ মার্চ) জানিয়েছে যে, ইরানি বাসিন্দা ও জাপানি নাগরিকদের একটি দল দূতাবাসের সামনে একত্রিত হয়েছিল। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরাইলি হামলা শুরুর সময় মিনাব শহরে বিমান হামলায় নিহত ১৬৫ জনের বেশি স্কুলছাত্রীর স্মরণে তারা এ কর্মসূচি আয়োজন করে।

সূত্র: মিডল ইস্ট মনিটর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *